জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজশাহী নগরের বোয়ালিয়া থানার গণকপাড়া বাটারমোড় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল সাড়ে ৯টায় প্রায় চার থেকে পাঁচ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি আলুপট্টি মোড় থেকে শুরু হয়ে সাহেব বাজার জিরোপয়েন্ট, সোনাদিঘী মোড় ও মনিচত্বর প্রদক্ষিণ করে গণকপাড়া বাটারমোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা “পিআর ছাড়া নির্বাচন মানি না, মানবো না”, “চাঁদাবাজীর আস্তানা রাজশাহীতে হবে না”, “জুলাই সনদ বাস্তবায়ন কর”, “নতুন বাংলাদেশ চাই”– এসব স্লোগান দিতে থাকেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামী নায়েবে আমির ও রাজশাহী–২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “বাংলাদেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় জুলাই সনদ এবং পিআর পদ্ধতির নির্বাচনী কাঠামো সময়োপযোগী সমাধান। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে এই সনদ বাস্তবায়ন করতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, মহানগর জামায়াতের সেক্রেটারি ডা. এমাজউদ্দীন মণ্ডল, ও সাবেক ছাত্রনেতা সালাহ উদ্দিন আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলেও, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলী দেশের মৌলিক উন্নয়ন বা কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে। বক্তাদের অভিযোগ, প্রায় ১৫ মাস পেরিয়ে গেলেও জনদুর্ভোগ লাঘব, দুর্নীতির রোধ, বা জনগণের অংশগ্রহণমূলক রাজনীতির কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।
বক্তারা আরও বলেন, “শেখ হাসিনার পতনের পরও দেশে স্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা ফিরেনি। জনগণের প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। কিন্তু এখনো সেই লক্ষ্য অর্জিত হয়নি। তাই জুলাই সনদের বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনই একমাত্র পথ।”
জামায়াতের নেতারা দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক সরকার গঠনের সুযোগ সৃষ্টি হবে। তারা বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতি ছাড়া আগামী নির্বাচন দেশের জনগণ কখনো মেনে নেবে না।
জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হলে জুলাই সনদকে সংবিধানের ভিত্তি করতে হবে।”বক্তারা জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইসলামভিত্তিক ন্যায় ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। দেশের বর্তমান রাজনৈতিক সংকট, দুর্নীতি ও বৈষম্যের অবসান ঘটাতে ইসলামিক ন্যায়নীতি অনুসারে রাষ্ট্র পরিচালনাই একমাত্র সমাধান বলে তাঁরা মত প্রকাশ করেন।
সমাবেশ শেষে ঘোষণা দেওয়া হয় যে, একই দাবিতে আগামী ১২ অক্টোবর (রবিবার) সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হবে। জামায়াতের নেতাদের দাবি, “জুলাই সনদ বাস্তবায়নই হবে নতুন বাংলাদেশের রূপরেখা। এ সনদের ভিত্তিতেই দেশে সুশাসন, অর্থনৈতিক ন্যায়বিচার ও জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব।”