রাকসু নির্বাচন: বামপন্থী গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদের ১৬ দফা ইশতেহার ঘোষণা

রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে ১৬ দফা ইশতেহার ঘোষণা করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব ইশতেহার ঘোষণা করে প্যানেলটি।
ইশতেহার পাঠ করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক শিক্ষা ও গবেষণা সম্পাদক জাহিদ হাসান। ঘোষিত ১৬ দফা ইশতেহারের মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো, রাকসুর কাঠামো সংস্কার ও ক্ষমতা বৃদ্ধি করে একাডেমিক ক্যালেন্ডারে নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা সৃষ্টি, শিক্ষার্থীদের ক্ষমতায়ন করে শিক্ষার মানোন্নয়নে আইএমএফ ও বিশ্বব্যাংকের পরামর্শে ইউজিসির প্রস্তাবিত কৌশলপত্র বাতিলের দাবি, গবেষণায় অগ্রাধিকার প্রদান ও বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের কমপক্ষে ১০ শতাংশ গবেষণা খাতে বরাদ্দ করা।
এছাড়া আবাসন সংকট নিরসনে হলে সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধ করে পুরাতন ভবন সংস্কার, লাইব্রেরি, সেমিনার ও রিডিংরুম সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখা, নতুন এডিশনের বই সংযোজন এবং ক্যান্টিনে পুষ্টিমানসম্পন্ন খাবার সরবরাহের পাশাপাশি প্রশাসনিক তত্ত্বাবধানে ডাইনিং চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ইশতেহারে আরও রয়েছে, শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা জোরদারে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে ৫০ শয্যায় উন্নীত করা, বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স নিয়োগ, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, নারী শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাধীন চলাচল নিশ্চিতকরণ, সাইবার সুরক্ষা জোরদার, এবং মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা।
এ ছাড়া সকল জাতিসত্তার অধিকার সুরক্ষা, বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংস্থা সক্রিয় করা, সাহিত্য-সংস্কৃতি চর্চা সম্প্রসারণ, পরিবহন ও ক্রীড়া সুবিধা উন্নয়ন, পরিবেশ ও মুক্ত পরিসর সংরক্ষণ, এবং গণতন্ত্র, স্বায়ত্তশাসন ও সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন জোরদারের আহ্বান জানানো হয়েছে প্যানেলটির পক্ষ থেকে। উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নয়টি ভবনে ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।