রাকসু নির্বাচন: আচরণ বিধি লঙ্ঘন করে ছেলের প্রচারণায় অংশ নিলেন মা

রাকসু নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করে ছেলের প্রচারণায় অংশ নিয়েছেন মা (কালো বোরকা পরিহিত)। ছবি: সংগৃহীত
রাবি প্রতিবেদক:
আচরণ বিধি লঙ্ঘন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী নূর নবীর প্রচারণায় অংশ নিয়েছেন তার মা। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল থেকেই তিনি ছেলের সাথে ক্যাম্পাসে ঘুরে ঘুরে প্রচারণা চালান।
রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ এর আচরণ বিধির ৪ নম্বর ধারার গ উপধারা অনুযায়ী, নির্বাচনের প্রার্থী ও ভোটার ব্যতীত অন্য কেউ কোনভাবেই কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারণা চালাতে পারবে না।
প্রচারণায় অংশ নিয়ে নূর নবীর মা বলেন, “আমার ছেলে নির্বাচন করছে সেজন্য আমি দেখতে এলাম৷ খুব ভালাে লাগছে ছেলে নির্বাচন করছে, ছেলেকে উৎসাহ দিতে আমিও একটু অংশগ্রহণ করলাম তার সাথে।”
তবে, এই ঘটনায় আচরণ বিধি লঙ্ঘন হয়নি বলে দাবি পদপ্রার্থী নূর নবী’র। তিনি বলেন, “আমার আম্মু এসেছে ক্যাম্পাসে ঘুরতে। পূর্বে কখনো আসেন নাই। যেহেতু আমি একজন প্রার্থী, সেহেতু আম্মু ঘুরতেছে আমার সাথে- এটাই মিডিয়াতে এসেছে। আর আম্মু কারো কাছে ভোট চাই নাই, দোয়া চেয়েছে।”
এবিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, একজনের মা ক্যাম্পাসে আসতেই পারে। কিন্তু ঘুরে ঘুরে প্রচারণায় অংশ নিলেতো আচরণ বিধি লঙ্ঘন হয়েছে। এবিষয়ে আমরা খোঁজ নিয়ে দেখবো।
উল্লেখ্য, পূর্নবিন্যাসিত তফসিল অনুযায়ী আগামী ১৬ অক্টোবর রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে।