সোমবার, আগস্ট ২৪, ২০২৬

দুর্গাপুরে বিএনপির ছয় ইউনিয়ন কমিটি স্থগিত, কেন্দ্রের হস্তক্ষেপ চাইছেন নেতারা

WP Import ০৬ অক্টোবর ২০২৫ ০৯:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৬ অক্টোবর ২০২৫ ০৯:০৩ অপরাহ্ন
দুর্গাপুরে বিএনপির ছয় ইউনিয়ন কমিটি স্থগিত, কেন্দ্রের হস্তক্ষেপ চাইছেন নেতারা
দুর্গাপুরে বিএনপির ছয় ইউনিয়ন কমিটি স্থগিত, কেন্দ্রের হস্তক্ষেপ চাইছেন নেতারা

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর দুর্গাপুর উপজেলার ছয়টি ইউনিয়ন বিএনপি কমিটি নিয়ে জেলা আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও সদস্য সচিব বিশ্বনাথ সরকারের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। জেলার সদস্য সচিবের তত্ত্বাবধানে সম্মেলনের মাধ্যমে গঠিত এসব কমিটি আহ্বায়ক একক সিদ্ধান্তে স্থগিত করেছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলা সদস্য সচিব বিশ্বনাথ সরকার।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে দুর্গাপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামের নির্দেশে ছয় সদস্যের তত্ত্বাবধায়ক কমিটি গঠন করা হয়। জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকারের নেতৃত্বে গত ২০ থেকে ২৯ মে পর্যন্ত নওপাড়া, কিসমত গণকৈড়, পানানগর, দেলুয়াবাড়ি ও জয়নগর ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হন। পরে তারা আংশিক পূর্ণাঙ্গ কমিটি করেন।

কিছুদিন আগে ওই কমিটিগুলোর বৈধতা নিয়ে স্থানীয়ভাবে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে জেলা আহ্বায়ক আবু সাঈদ চাঁদ সোমবার তাঁর একক স্বাক্ষরে ওই ছয় ইউনিয়ন কমিটি স্থগিত ঘোষণা করেন। তিনি চিঠিটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন।

সংবাদ সম্মেলনে দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, পৌর কমিটির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান লাল্টু, জেলা কমিটির সদস্য সাইদুর রহমান মন্টুসহ ছয় ইউনিয়নের সদ্য স্থগিত করা কমিটির সভাপতি-সম্পাদকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলনে নেতারা বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সম্মেলনের মাধ্যমে গঠিত ইউনিয়ন কমিটি আহ্বায়ক এককভাবে স্থগিত করতে পারেন না। তাঁরা এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার বলেন, কেন্দ্রের নির্দেশনায় সম্মেলনের মাধ্যমে কমিটিগুলো করা হয়েছে। কোনো অনিয়ম হয়নি। আহ্বায়ক একক সিদ্ধান্তে কমিটি স্থগিত করতে পারেন না। বিষয়টি আমি কেন্দ্রীয় কমিটিকে জানাব।
এ বিষয়ে কথা বলার জন্য জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।#