রাবির ভর্তি পরীক্ষা শুরু হতে পারে ১৬ জানুয়ারি থেকে

রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৬ জানুয়ারি থেকে অনুষ্ঠিত হতে পারে। রবিবার (৫ অক্টোবর) ভর্তি পরীক্ষা কমিটিতে থাকতে পারেন এমন কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
শিক্ষকরা জানান, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও রমজানের সময় ঘনিয়ে আসায় আগেভাগেই ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তাভাবনা করছে সংশ্লিষ্টরা। এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে ‘এ’ ইউনিট (মানবিক বিভাগ) দিয়ে। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী, ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের (মানবিক), ১৭ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য), এবং ২৩ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা। এই তিনটি তারিখ ধরে পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম এগিয়ে নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত বছরের ভর্তি পরীক্ষা কমিটিতে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, “ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এরপরই শুরু হবে রমজান। তাই সময়ের পূর্বাভাস মাথায় রেখে জানুয়ারিতেই ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তা করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে ১৬ জানুয়ারি থেকেই ভর্তি পরীক্ষা শুরু হবে।”