পবার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ওয়ায়দুল্লাহ খান আর নেই

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবার নওহাটা বাজার এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ওয়ায়দুল্লাহ খান (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৫ অক্টোবর) সকাল ৭টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নওহাটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিন সকাল ১১টায় নওহাটাস্থ পবা উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক, পবা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, বিএনপি নেতা গোলাম মুর্তজা, মামুনুর সরকার জেড, সাবেক ব্যাংকার হাবিবুর রহমান, নওহাটা বাজার কমিটির সাবেক সভাপতি শফি খানসহ এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লীবৃন্দ।
পরে মরহুমের নিজ গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পলাশী গ্রামে রোববার জোহর নামাজের পর দ্বিতীয় জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়।