বিসিএস পরীক্ষার্থী রাবি শিক্ষার্থীরা পাচ্ছেন বিশেষ বাস সার্ভিস

রাবি প্রতিবেদক:
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত বাস সার্ভিস দিবে রাবি প্রশাসন। রোববার বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিসিএস পরীক্ষার্থীদের কিছুটা কষ্ট লাঘবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিপূর্ণ সক্ষমতা নেই। ড্রাইভার সংকট। এতে সর্বোচ্চ দুটি বাসে সার্ভিস দেওয়া যেতে পারে। এক্ষেত্রে আগে আবেদনকারীরা অগ্রাধিকার পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাসগুলো থাকবে।
পরীক্ষা শেষে আবার ফিরে আসবে।
প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, অর্থ সংকট ও চাকরির টেনশনে থাকা শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ অনেকটা স্বস্তির। এমন সংকটে থাকা সকলকেই এ সুবিধা নিশ্চিতের অনুরোধ করেন তারা।
দর্শন বিভাগের শিক্ষার্থী রায়হান ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন চমৎকার একটা উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে অর্থ সংকটে থাকা শিক্ষার্থীরা এতে বেশি উপকৃত হবেন।
এর আগে, বিসিএস পরীক্ষার্থীদের বাস সার্ভিস দেওয়ার আহ্বান জানিয়ে রোববার (৫ অক্টোবর) দুপুরে পরিবহন দপ্তরের প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছিল রাবি শাখা ছাত্রশিবির।