কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথের শিক্ষার্থীকে গণপিটুনি

পুলিশ ওই শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়ার সময় মারধর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা
সোনার দেশ ডেস্ক :
পবিত্র কোররআন শরীফ অবমাননার অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়েছে পুলিশ।
পুলিশ ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওই শিক্ষার্থী মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ অবমাননা করেন।
এতে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে বিশ্ববিদ্যালয় প্রসাশন তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। তবে এ ঘটনায় ধারণকৃত কিছু ভিডিওফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই শিক্ষার্থী নিজেও তার ফেসবুক আইডি থেকে কোরআন শরীফ অবমাননার ভিডিও আপলোড করেন বলে অভিযোগ রয়েছে। এরপর অভিযুক্তকে গ্রেফতারের দাবি ওঠে।
এ ঘটনার জেরে দিবাগত রাত ১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযুক্তের বাসার সামনে শিক্ষার্থী ও স্থানীয়রা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করলে ছাত্র-জনতা তাকে মারধর শুরু করে। পরে পুলিশ তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ওই শিক্ষার্থীকে গ্রেফতার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে রাত সোয়া দুইটার দিকে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা খবর পেয়ে অভিযুক্তকে আটক করতে গেলে ছাত্র-জনতা আমাদের ওপরও ক্ষিপ্ত হয়ে ওঠে।’
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন