সুমুদ ফ্লোটিলা আটকের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:
যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে মহানগরীর মনিচত্বর সিটি সেন্টারের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও মনিচত্বরে এসে শেষ হয়।
পথসভায় বক্তব্য দেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তুলিপ, মহানগর সদস্য মোফাজ্জল ইসলাম শুভ, মমিন, আরিফুল ইসলাম রোমান, ছাত্রদল চন্দ্রিমা থানার আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন।
সমাবেশে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইসরায়েলী দখলদার বাহিনী গাজার মুসলিমদের প্রতিনিয়ত হত্যা করছে। ফিলিস্থিনি নারী ও শিশুদের পাখির মত গুলি করে হত্যা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ বহনকারী আন্তর্জাতিক নৌযানবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান আটকের ঘটনার তীব্র নিন্দা জানান।