রবিবার, আগস্ট ২৩, ২০২৬

ভাষা সংগ্রামী আহমদ রফিকের জীবনাবসান

WP Import ০২ অক্টোবর ২০২৫ ১১:৪৭ অপরাহ্ন জাতীয়
WP Import ০২ অক্টোবর ২০২৫ ১১:৪৭ অপরাহ্ন
ভাষা সংগ্রামী আহমদ রফিকের জীবনাবসান
ভাষা সংগ্রামী আহমদ রফিকের জীবনাবসান

সোনার দেশ ডেস্ক:


ভাষা সংগ্রামী আহমদ রফিক আর নেই। তার বয়স হয়েছিল ৯৬ বছর। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আহমদ রফিকের ভেন্টিলেশন সাপোর্ট খুলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতালে উপস্থিত সংস্কৃতিকর্মী দীপান্ত রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন।
আহমদ রফিককে গত ১১ সেপ্টেম্বর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১২ সেপ্টেম্বর এ হাসপাতালের বিছানায় শুয়েই তার ৯৭তম জন্মবার্ষিকী কাটে। তার আগে এক মাসে দুই দফা ল্যাবএইড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

গত ২৯ সেপ্টেম্বর আহমদ রফিককে হেলথ অ্যান্ড হোপ হাসপাতাল থেকে বারডেমে স্থানান্তর করা হয়।
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্রনিক কিডনি ফেইলিওর, আলঝেইমার্স রোগ, পারকিনসন্স রোগ, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স, বেডশোর, ফুসফুসের সংক্রমণে ভুগছেন আহমদ রফিক।
তার জন্ম ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর গ্রামে। মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর রসায়নে পড়তে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু ফজলুল হক হলের আবাসিক সুবিধা না পাওয়ায় পরে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে।

১৯৫২ সালে তৃতীয়বর্ষে পড়ার সময় ফজলুল হক হল, ঢাকা হল এবং মিটফোর্ডের ছাত্রদের সঙ্গে সংযোগ রক্ষা করে চলার কাজ করেছেন তিনি। পাশাপাশি সভা-সমাবেশ মিছিলে ছিলেন নিয়মিত। ১৯৫৪ সালে ঢাকা মেডিকেল কলেজের আন্দোলনকারী ছাত্রদের মাঝে একমাত্র তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

১৯৫৫ সালের শেষ দিকে প্রকাশ্যে বেরিয়ে এসে পড়াশোনায় ফেরেন আহমদ রফিক। এমবিবিএস ডিগ্রি নিলেও চিকিৎসকের পেশায় যাননি। ১৯৫৮ সালেই আহমেদ রফিকের প্রথম প্রবন্ধের বই ‘শিল্প সংস্কৃতি জীবন’ প্রকাশ হয়। তারপর লেখালেখিতেই জীবন কাটিয়ে দিয়েছেন। পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, রবীন্দ্রত্ত্বাচার্য উপাধিসহ অনেক সম্মাননা।- বিডিনিউজ