সড়কে ঝরলো ১১ ও ট্রেনে কাটলো ৪ প্রাণ

সোনার দেশ ডেস্ক:
বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জন এবং ট্রেনে কেটে ২ জনের মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় ফেনীতে ৩ জন, , ঝিনাইদহে ২ জন, , পাবনায় ২ জন ও ঢাকার কাঁচপুরে ২ জন এবং নওগাঁ ও নাটোর ১ জন করে ২ জন নিহত হয়েছে। বগুড়ায় ট্রেনে কাটাপড়ে দুইজন এবং সীতাকু-ে দুইজনের মৃত্যু হয়েছে।
ফেনীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লো দোকানের ওপর, নিহত ৩
ফেনীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। নিহতদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- স্থানীয় টমটমচালক শ্রাবণ (২০) ও যাত্রী শামীম আরা (৫০)।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফেনী-মাইজদী সড়কের সিলোনিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ জানান, নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের একটি দোকানের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেছে। তবে নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।
ঝিনাইদহে বাসচাপায় শিশুসহ নিহত ২
ঝিনাইদহ সদর উপজেলার নগর বাথান এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুসহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে নগর বাথান এলাকার আঠারো মাইল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- নগর বাথান গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৬৫) ও জীবননগর উপজেলার বাসিন্দা সিফাত (৮)।
নেবুতলা ওয়ার্ডের ইউপি সদস্য ঝন্টু বিশ্বাস বলেন, ভ্যানে করে যাত্রি নিয়ে নগরবাথান বাজারে যাচ্ছিল। আঠারো মাইল পৌঁছালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা বাসটি সামনে থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে বাচ্চাটি মারা যায়। আর ভ্যানচালকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
নাটোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে সুজন কুমার (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নাটোর-দয়রামপুর আঞ্চলিক সড়কের দিয়ারভিটা এলাকায় এ দুর্ঘনাটি ঘটে।
জানা গেছে, দুর্ঘটনা সকালে ঘটলেও বৃষ্টিপাতের কারণে বিষয়টি কেউ জানতে পারেনি। দুপুরের দিকে স্থানীয় লোকজন সড়কের পাশে মোটরসাইকেল ও পুকুরে হেলমেট ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। এসময় পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত সুজন কুমার লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের ফুলবাগান এলাকার সুনিল কুমারের ছেলে।
বগুড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম রেলক্রসিং-এ ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন।
বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল বামনীগ্রামের নয়ন হোসেনের ছেলে তৌফিক হোসেন (১৮) ও হেলাল হোসেনের ছেলে মারুফ হোসেন (১৮)। আহত একই গ্রামের রহিম উদ্দিন ছেলে আকাশ হোসেন (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে তিন যুবক ছাতিয়ানগ্রাম বাজার থেকে আদমদীঘির দিকে যাচ্ছিলেন। ছাতিয়ানগ্রাম রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে চিলাহাটিগামী চিলাহাটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলসহ তিন আরোহী ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই দুইজন মারা যান।
পাবনায় পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত
পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সবুজ প্রামাণিক (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। এ সময় অপর ট্রাকের চালক-হেলপারসহ তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার অরণকোলা হারুখালির মাঠের সামনে ঈশ্বরদী-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সবুজ প্রামাণিক পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া বড়মাটিয়া গ্রামের খোকন প্রামাণিকের ছেলে। আহতরা হলেন—ফরিদপুরের নগরকান্দা উপজেলার চুকাই গ্রামের শিমুল হোসেনের ছেলে নাজমুল হোসেন (৩০), একই উপজেলার কৃষ্টপুর গ্রামের মালেক হোসেনের ছেলে বাবু মিয়া (৩০) ও মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ওহেদ মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (৩৫)।
অন্যদিকে, ঈশ্বরদী-বাঘা মিনি বিশ্বরোডের আরামবাড়িয়া এলাকার পেট্রল পাম্পের সামনে পৃথক দুর্ঘটনায় দিব্য কুন্ডু (৩০) নামের এক মোটর সাইকেল আরাহী নিহত হন। তিনি আরামবাড়িয়ার ব্যবসায়ী পিযুষ কুন্ডুর ছেলে। ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুল্লাহ-আল মাবুদ জানান, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
কাঁচপুর সেতুতে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
তবে তাদের বয়স আনুমানিক ২৪ থেকে ২৫ বছর।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে কাঁচপুর সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস উদ্দিন।
মো. জুলহাস উদ্দিন জানান, একটি বিকল ট্রাককে অপর একটি ট্রাক ঢাকার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। এ সময় ট্রাকটি ডিভাইডারের সঙ্গে আটকে যায়। ধারণা করা হচ্ছে, ট্রাক রেখে দুই ট্রাকচালক রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা গাড়িচাপায় তাদের মৃত্যু হয়।
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই বিএনপি নেতা ও নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান (মিন্টু) নিহত হয়েছেন।
থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার নজিপুর নতুনহাট-গগনপুর আঞ্চলিক সড়কের রামজীবনপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত হাবিবুর রহমান নিজ বাসা নজিপুর হতে মোটরসাইকেল আরোহী হিসেবে গগনপুর বাজারে যাওয়ার পথিমধ্যে খড়ি বোঝাই একটি ভটভুটির ধাক্কায় পিষ্ট হন।
জানা যায়, নিহতের বাড়ি উপজেলার নজিপুর পৌর শহরের নজিপুর বাসস্ট্যান্ডে ধামইরহাট রোড সংলগ্ন কাঁচা বাজার পশ্চিম পাশে।
সীতাকু-ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল মা-মেয়ের
সীতাকু-ে সিএনজিচালিত অটোরিকশায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মা মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সীতাকু- পৌরসভার মৌলভীপাড়া ৫ নম্বর ওয়ার্ডের ওয়াবদা রোড গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- মাকসুদা বেগম (৪৫), মেয়ে সানজিদা সুলতানা (২৫)। তাদের বাড়ি সীতাকু- উপজেলার বড় কুমিরা বাজারের টিএনটি এলাকায়।
সীতাকু- রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিকী বাংলানিউজকে বলেন, অটোরিকশাটি রেলগেট অতিক্রম করার সময় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা মা ও মেয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চমেক হাসপাতালে দায়িত্বরত চট্টগ্রাম জেলা পুলিশের এসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, ট্রেন দুর্ঘটনায় আহত মা ও মেয়েকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন, ঢাকাপোস্ট, বাংলানিউজ