দুর্গাপূজা বাঙালি জাতির সার্বজনীন জাতীয় উৎসব: আব্দুস সাত্তার

নিজস্ব প্রতিবেদক:
বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আব্দুস সাত্তার বলেছেন, দুর্গাপূজা হিন্দুদের ধর্মীয় উৎসব হলেও আবহমানকালের শাশ্বত গতিধারায় সেটি বাঙালি জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সার্বজনীন জাতীয় উৎসবে পরিণত হয়েছে। ধর্মীয় এমন সম্প্রীতি পৃথিবীতে আর কোন দেশে নেই।
বুধবার (১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত দুর্গাপুর ও পুঠিয়া উপজেলার বিভিন্ন ম-প পরিদর্শন করেন রাজশাহী-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তার। এসময় তিনি আয়োজক কমিটির কাছে নিকট আর্থিক সহায়তাও দেন।
তিনি বলেন, দুর্গাপূজার মূল লক্ষ্য হলো অশুভ শক্তিকে বিনাশ করে সমাজে শুভশক্তির উদ্বোধন ঘটিয়ে সব মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলা। আমরা সর্বদাই ভালো কাজের মাধ্যমে খারাপ কাজের বিনাশ ঘটাবো।
আব্দুস সাত্তার বলেন, একটি চক্র ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে গভীর চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিটি নেতাকর্মীকে হিন্দু ভাইবোনদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে, উৎসব মুখর করার লক্ষ্যে সার্বিক সহযোগিতা করার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশ মেনেই আমরা আপনাদের কাছে এসেছি। আমরা আপনাদের পাশে আজীবন থাকবো। কোন বিশৃঙ্খলা হলে আমাদের জানাবেন ।
তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব আমাদের জাতীয় জীবনে সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করুক। পারস্পরিক ভালোবাসা, সহনশীলতা ও শ্রদ্ধা আমাদের সংস্কৃতির অংশ। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাতেম আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন প্রমুখ।