সোমবার, আগস্ট ২৪, ২০২৬

আক্কেলপুরে প্রতিমা পাহারায় ইউপি সদস্য ফাতেমা

WP Import ০১ অক্টোবর ২০২৫ ১১:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০১ অক্টোবর ২০২৫ ১১:৪৫ অপরাহ্ন
আক্কেলপুরে প্রতিমা পাহারায় ইউপি সদস্য ফাতেমা
আক্কেলপুরে প্রতিমা পাহারায় ইউপি সদস্য ফাতেমা

সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য ফাতেমা বেগম

সোনার দেশ ডেস্ক:


জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য ফাতেমা বেগম এ বছর দুর্গাপূজায় ভিন্ন ভূমিকায় হাজির হয়েছেন। জনপ্রতিনিধি হয়েও হাতে লাঠি নিয়ে আনসার ভিডিপির অন্যান্য সদস্যদের সঙ্গে রাতভর খয়েরকুড়ি মণ্ডপে প্রতিমা পাহারা দিচ্ছেন তিনি। বিষয়টি এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি করেছে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার খয়েরকুড়ি মন্দিরে ভিন্ন দৃশ্য দেখা গেল। ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধি, গোপিনাথপুর ইউনিয়নের ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ফাতেমা বেগম লাঠি হাতে দাঁড়িয়ে প্রতিমা পাহারা দিচ্ছেন। আনসার ভিডিপির অন্যান্য সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাতভর পাহারায় অংশ নিচ্ছেন তিনি। একজন জনপ্রতিনিধিকে এভাবে প্রতিমা পাহারায় দেখে বিস্মিত হলেও প্রশংসায় ভাসছেন তিনি।

স্থানীয়রা বলছেন, একজন নারী জনপ্রতিনিধি হয়ে এভাবে সমাজ ও পরিবারের দায়িত্ব একসঙ্গে পালন করার ঘটনা সচরাচর দেখা যায় না। তাই খয়েরকুড়ি মন্দিরের প্রতিমা পাহারায় ফাতেমা বেগমের অংশগ্রহণ এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু।

আনসার ভিডিপির সদস্যরা বলেন, ‘তিনি জনপ্রতিনিধি হয়েও আমাদের সঙ্গে একসঙ্গে পাহারার কাজে যুক্ত হয়েছেন। এটা আমাদের জন্য গর্বের বিষয়। ইউপি সদস্য হয়ে প্রতিমা পাহারা দেয়া সত্যিই বিরল ঘটনা। ফাতেমা বেগম আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন।’

ইউপি পুরুষ সদস্য হাকিম বলেন, ‘ফাতেমা বেগম যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা নারী সমাজের জন্য প্রেরণা। তার এই উদ্যোগ থেকে বোঝা যায়, কোনো কাজ ছোট নয়, বরং ইচ্ছা আর দায়িত্ববোধই বড়।’
নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে ইউপি নারী সদস্য ফাতেমা বেগম বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে আমি মানুষের সেবায় নিয়োজিত। তবে সংসারের বাড়তি আয়ের জন্যও প্রতিমা পাহারার কাজে যুক্ত হয়েছি। সৎ পথে উপার্জনে কোনো লজ্জা নেই। বরং এতে গর্ববোধ করি।’

গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘ফাতেমা বেগম জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবার পাশাপাশি সংসারের দায়িত্ব সামলাতে প্রতিমা পাহারায় যুক্ত হয়েছেন। তার এই কাজ সত্যিই প্রশংসনীয় এবং তা অন্য নারীদেরও অনুপ্রেরণা জোগাবে।’- চ্যানেল ২৪