সোমবার, আগস্ট ২৪, ২০২৬

চারঘাট ও বাগমারায় অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার

WP Import ০১ অক্টোবর ২০২৫ ১১:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০১ অক্টোবর ২০২৫ ১১:২১ অপরাহ্ন

চারঘাট ও বাগমারা প্রতিনিধি:


রাজশাহীর দুই উপজেলায় পৃথকভাবে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে চারঘাট উপজেলার বড়াল নদীর সুইসগেট থেকে অজ্ঞাতনামা এক নারীর (২৫) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার (১ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার পৌরসভাধীন চারঘাট বাজার বড়াল নদীর সুইসগেট থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১ টার দিকে উপজেলার পৌরসভাধীন চারঘাট বাজার বড়াল নদীর সুইসগেটে বাজারের দোকানদার ও স্থানীয় বাসিন্দারা বড়াল নদীর সুইসগেটে এক নারীর লাশ দেখতে পায়। পরে স্থানীয় বাসিন্দারা নৌ-পুলিশ ও থানা পুলিশকে খবর দিলে নৌ পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চারঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ন কবির বলেন, মরদেহ উদ্ধারের পর আমরা আশেপাশের এলাকায় খোঁজ নিয়েছি। কেউ পরিচয় বলতে পারেননি। তিনি আরও বলেন, লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে চারঘাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
অন্যদিকে বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের সোনাবিলা নামক বিল থেকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে অজ্ঞাত (৫৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরতহালে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য মতে, বিকেলে খালি গায়ে ওই ব্যক্তিকে ওই এলাকায় হেঁটে যেতে দেখা গেছে। স্যান্ডেল হাতে নিয়ে এক টিউবওয়েলে তাকে পানি পান করতেও দেখা গেছে। শারীরিক ভাবে সে প্রতিবন্ধী।
যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক তারেক হাসান জানান, খবর পেয়ে ঝিকরা ইউনিয়নের এক বিল থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানিয়েছেন।