চারঘাটে লালন হত্যা মামলার প্রধান আসামী উজ্জ্বল গ্রেফতার

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
চারঘাটে মাদক ব্যবসার বিরোধে যুবক হত্যার মূলহোতা ও চাঞ্চল্যকর মামলার এজাহার নামীয় ১ নং আসামীকে মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে চারঘাট থানাধীন শলুয়া ইউনিয়নের চামটা গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
থানা সূত্রে জানা যায়, মামলার ভিকটিম লালন মিয়ার সাথে একই গ্রামের ইয়াছিন আলীর ছেলে উজ্জল হোসেন ও রাজ্জাক এর ছেলে সোহাগ আলীর পূর্ব শত্রুতা ছিলো। সম্প্রতি ভিকটিমের সাথে আসামীদের ধস্তাধস্তির এক পর্যায়ে ধারালো চাকুর আঘাতে ভিকটিম গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত অবস্থায় চিৎকার করলে ভিকটিমের পিতা ও এলাকার লোকজন এসে ভিকটিমকে উদ্ধার করে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পরের দিন শনিবার আনুমানিক দুপুর ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর থেকে উজ¦ল পলাতক ছিলো।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাজ্জাদুল আমিন, এসআই বজলুর রশিদ, এসআই লাল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ১০ টার দিকে চারঘাট থানাধীন শলুয়া ইউনিয়নের চামটা গ্রামে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাকে রাজশাহী আদালতে প্রেরণ করা হয়।