খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ও পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীতে পৃথক দুই উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে চার শিশুর মৃত্যু হয়েছে। পৃথক ঘটনায় গোদাগাড়ীতে দুই শিশু ও পুঠিয়ায় দুই শিশু মারা গেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে পৃথক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোদাগাড়ী উপজেলার মাথাভাঙ্গা গ্রামের রুহুল আমিনের দুই বছর বয়সী মেয়ে কারিমা খাতুন এবং একই এলাকার রাব্বুলের দুই বছর বয়সী ছেলে রাফি। পুঠিয়া উপজেলার কানাইপাড়া গ্রামের রনির ২০ মাস বয়সী শিশু রাফাদ ও নন্দনপুর তেলিপাড়া গ্রামের সাইদুর ইসলামের ছেলে মুসা (৫)।
কারিমা ও রাফির পরিবারের সদস্যরা জানান, সকালে খেলতে খেলতে বাড়ির পাশে থাকা একটি পুকুরে পড়ে যায় দুই শিশু। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পান এবং দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে দুপুর ১২টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল মর্গে গিয়ে আইনি প্রক্রিয়া শুরু করে। বর্তমানে মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, ছোট শিশুদের বাড়ির আশপাশে খেলার সময় বিশেষ সতর্ক থাকতে হবে। কারণ সামান্য অসাবধানতা বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে।
এদিকে পুঠিয়া উপজেলার কানাইপাড়া গ্রামের রনির ২০ মাসের শিশু রাশাদ খেলতে খেলতে বাড়ির পার্শ্বে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুজির এক পর্যয়ে শিশুটিকে পুকুরে ভাসতে দেখে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন জানান, শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।#