পদ্মানদীতে ডুবে যাওয়া নিখোঁজ দু’জনের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ীতে মরদেহ সৎকারে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে পবা উপজেলার হরিপুর বেড়পাড়া গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে হরেন সাহা (৬৫) নামের একজনের মরদেহ ভাসতে দেখা যায়। এছাড়া বিকেলে গোদাগাড়ীর খারিজাগাতি সংলগ্ন নদী থেকে দিলীপ (৩২) নামের আরেকজনের মরদেহ পাওয়া যায়।
দিলীপের বাড়ি ফরাদপুর গ্রামে। আর হরেন সাহার বাড়ি ডুমুরিয়া গ্রামে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে প্রেমতলী এলাকায় পদ্মা নদী পার হয়ে চরে একটি মরদেহ সৎকার করতে যাচ্ছিলেন ২০-২৫ জন ব্যক্তি। তখন নৌকাটি স্রোতের তোড়ে ডুবে যায়। অন্যরা সাঁতরে পারে উঠলেও তিনজন নিখোঁজ হন। কিছুক্ষণ পর কাঁঠালবাড়িয়া গ্রামের জিতেন ম-লকে (৬০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, শনিবার দিনভর আত্মীয়-স্বজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ দুজনকে উদ্ধারে পদ্মা নদীতে তল্লাশি চালালেও তাদের পাওয়া যায়নি। এরপর ডুবুরি দল ফিরে গেলেও তারা নদীতে খোঁজ চালিয়ে যাচ্ছিলেন। সকালে বেড়পাড়া এলাকায় হরেন সাহার মরদেহ পাওয়া যায়। আর বিকেলে খারিজাগাতি এলাকায় পাওয়া যায় দীলিপের মরদেহ।
প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান জানান, আত্মীয়-স্বজনেরাই নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করেছেন। মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় আগের দিন শনিবারই গোদাগাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।