গোদাগাড়ীর ইউএনওকে জয়পুরহাটে বদলি

নিজস্ব প্রতিবেদক:
গোদাগাড়ী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার জুবায়ের হোসেন ওই বদলির আদেশে স্বাক্ষর করেছেন।
গত ২৭ আগস্ট জেলা প্রশাসক আফিয়া আখতারের কাছে ফয়সাল আহমেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। উপজেলার ফরাদপুর গ্রামের বাসিন্দা আবদুল হামিদ বাবলু এই অভিযোগ করেছেন। তিনি উপজেলা বিএনপির সদস্য। অভিযোগের সঙ্গে ১০ পাতায় প্রায় এক হাজার মানুষের স্বাক্ষরও সংযুক্ত করেন। জেলা প্রশাসন অভিযোগের তদন্ত করছে।
অভিযোগে আছে বিভিন্ন ইউনিয়নের উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদে বণ্টন থেকে ঘুষ নেওয়া, সরকারিভাবে বরাদ্দকৃত ভি.জি.ডি এবং ডি.জি.এফ আত্মসাতের অভিযোগ উঠা চেয়ারম্যানের কাছে ঘুষ নেওয়া। চর আষাড়িয়াদহ ইউপিতে ভি.জি.ডি এবং ভি.জি.এফ খাতের চাল বিতরণে অনিয়মে ব্যবস্থা না নেওয়া। আদায়কৃত রাজস্ব খাতের ট্যাক্সের টাকা আত্মসাৎ। পুকুর খননের বিরুদ্ধেও পদক্ষেপ নেন না বলেও অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী আবদুল হামিদ বাবলু জানান, লিখিত অভিযোগ পেয়ে জেলা প্রশাসক আফিয়া আখতার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসানকে তদন্ত কর্মকর্তা নিযুক্ত করেন। গত ১০ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা তাকে ডেকেছিলেন। তিনি এবং আরেকজন ব্যক্তি সাক্ষ্য দিয়ে এসেছেন। তাকে আরেকদফা ডাকা হবে বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন। এরই মধ্যে ইউএনওকে জয়পুরহাটে বদলি করা হয়েছে বলে তিনি শুনেছেন।
এ বিষয়ে কথা বলার জন্য অভিযোগের তদন্ত কর্মকর্তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। ইউএনও ফয়সাল আহমেদ বলেন, ‘এরা কেন আমার বিরুদ্ধে অভিযোগ করছে বলতে পারব না।’ পাচার করা চাল উদ্ধার করলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে। পুলিশ যদি তদন্তে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সম্পৃক্ততা পায়, তাহলে পুলিই ব্যবস্থা গ্রহণ করবে।’
উল্লেখ্য, ২০২১ সালের জুলাই থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত ফয়সাল আহমেদ সুনামগঞ্জের দোয়ারাবাজারে সহকারী কমিশনার (ভূমি) ছিলেন। সেখানে তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাকে সিলেটের কানাইঘাট উপজেলায় বদলি করা হয়েছিল। রাজশাহীতে এসেও তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠল।
তবে ইউএনওকে গোদাগাড়ীতেই রাখার দাবিতে তার অনুসারীরা রোববার মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন বলে জানা গেছে।