নির্মাণের ৭ বছর পরও ব্যবহার হচ্ছে না বাঘার দুই ভূমি অফিস ভবন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ৮০ লাখ টাকার দুটি ভূমি অফিস নির্মাণের ৭ বছর থেকে ব্যবহার হচ্ছে না। এতে করে এই অফিস দুইটির ভবন কোন কাজে আসছে না। এখানে এলাকার মানুষ ছাগল ও পাটখড়ি রেখেছেন। শনিবার (২৭ সেপেটম্বর) বাউসা ইউনিয়ন নবনির্মিত ভূমি অফিসে এমন চিত্র দেখা যায়।
জানা গেছে, ২০১৭-২০১৮ অর্থ বছরের সরকার উপজেলার বাউসা ও গড়গড়ি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের জন্য ৮০ লাখ টাকা বরাদ্দ দেন। বরাদ্দের পর স্থানীয় ঠিকাদার ২০১৮ সালে নির্মাণ কাজ শেষ করেন। এরপর থেকে ভূমি অফিসের কাজ শুরু হওয়ার কথা থাকলেও অজ্ঞাত কারণে কোন কাজ শুরু হয়নি। এরপর থেকে দুটি ভূমি অফিস ব্যবহার হচ্ছে না। এখানে স্থানীয়রা গেটের সামনে ছাগল বেঁধে রেখেছেন। অফিসের বারান্দায় রাখা হয়েছে পাটখড়ি। অফিসে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। কিন্তু রক্ষণাবেক্ষণে কোন লোক না থাকায় দিনের পর দিন বিদ্যুৎ বিল বকেয় থাকার কারণে বিদ্যুৎ অফিস মিটার কেটে নিয়ে গেছে।
এ বিষয়ে স্থানীয় রফিকুল ইসলাম বলেন, অফিস নির্মাণ কাজ শুরু হওয়ার পর আমার আমার বাড়ি থেকে বিদ্যুৎ ও পানি ব্যবহার করেছিলেন ঠিকাদার। তারা কাজ শেষ করে গেটে তালা লাগিয়ে চলে গেছে। এরপর কোন খবর নেই। অফিসে কোন জনবল না থাকায় বিদ্যুতের বিল আমার কাছে দিয়ে যেতেন। আমি কাকে দিব কিছুই জানিনা। বেশ কিছুদিন পর লাইন কেটে দিয়েছে।
বাউসা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার রিপন আলী বলেন, ভূমি অফিসের কাজ শুরু হলে সাধারণ মানুষ অনেক উপকৃত হতো, কিন্তু কী কারণে কাজ শুরু হচ্ছে না তা জানা নেই।
বাঘা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা বলেন, জনবল সংকটের কারণে সরকার নবনির্মিত ভূমি অফিস চালু করতে পারছে না। লোকবল নিয়োগ হলে যথাসমসয়ে অফিস চালু হবে।