রবিবার, আগস্ট ২৩, ২০২৬

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

WP Import ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৮ অপরাহ্ন
WP Import ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৮ অপরাহ্ন
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:


পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচদফা দাবিতে রাজশাহীর বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি পালিত হয়।

গোদাগাড়ী
গোদাগাড়ী পৌর ও উপজেলা জামায়াতের উদ্যোগে মহিশালবাড়ী বাজার থেকে মিছিল বের করা হয়। উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে মিছিল শেষ হয়। এরপর সেখানে সমাবেশ হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ আর স্বৈরাচারী শক্তির ফ্যাসিবাদী শাসন দেখতে চায় না। এ জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এর ফলে প্রতিটি দলের প্রাপ্ত ভোট অনুযায়ী সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। পাশাপাশি ফ্যাসিবাদী হয়ে ওঠার সব রাস্তা বন্ধ হয়ে যাবে।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর নুমায়ন আলী মাস্টার। বিশেষ অতিথি ছিলেন জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, গোদাগাড়ী পৌর আমীর আনারুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, রাজশাহী আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লহ ও রাজশাহী জেলা ছাত্রশিবিরের সভাপতি রিদুয়ান আহমেদ।

পবা
পবা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নওহাটা কলেজ মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর অ্যাড. আবু মোহাম্মদ সেলিম। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে আগামী নির্বাচনের প্রস্তুতি স্বচ্ছ ও গ্রহণযোগ্য হতে হবে। জনগণ ভোটাধিকার ফিরে পেতে চায়, তাই সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এ ছাড়া স্বৈরাচারী জুলুম ও দুর্নীতির বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
পবা উপজেলার জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ নূরুজ্জামানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ। তিনি বলেন, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন ছাড়া বিকল্প নেই। প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার প্রস্তুতি, যা জনগণ আর মেনে নেবে না।

ওহাটা পৌরসভার আমির মাওলানা সুজা উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামায়াতের রাজশাহী মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল। সমাবেশে বক্তব্য রাখেন- পবা থানার আমির আজম আলী, মহানগরের নায়েবে আমির আবু মো. সেলিম, কাটাখালী থানার ভারপ্রাপ্ত আমীর মকবুল হোসেন, কর্ণহার থানার আমির অধ্যাপক আবুল হোসেন, মহানগরের যুব বিভাগের সভাপতি সালাউদ্দিন প্রমুখ।

দুর্গাপুর
দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুর ফাজিল মাদ্রাসা থেকে শুরু হয়ে মিছিলটি গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী- ৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র উপহার দিতে সাধারণ ছাত্র-ছাত্রীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় পাশে ঐক্যবদ্ধ ছিল। কিন্তু দুঃখজনকভাবে কয়েক মাস না যেতেই নিজেদের স্বার্থ প্রতিষ্ঠার জন্য একটি গোষ্ঠী মরিয়া হয়ে ওঠেছে।
তিনি আরও বলেন, উপমহাদেশে ১৯৪১ সাল থেকে আল্লাহর আইন ও সৎ মানুষের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জুলুম- নির্যাতনের মূলৎপাটন করে বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই সংগ্রাম অব্যাহত থাকবে।

চারঘাট
চারঘাট উপজেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে চারঘাট মডেল মসজিদ থেকে মিছিলটি শুরু হয়। চারঘাট উপজেলা জামায়াতের আমীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সেক্রেটারি আইয়ুব আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কামরুজ্জামান, শোয়েব আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সেক্রেটারি ও জামায়াত মনোনীত চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম, রাজশাহী জেলা পূর্ব শিবিরের সভাপতি রুবেল আলী।

বাঘা
বাঘায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষ সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের নেতা অধ্যক্ষ নাজমুল হক, ইউনুস আলী, মাওলানা জিন্নাত আলী, আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল লতিফ, সাবদার হোসেন, শিবির নেতা তরিকুল ইসলাম, আবদুল জাব্বার প্রমুখ।