শিক্ষক লাঞ্ছনায় জড়িতদের রাকসু নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি

রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য মাঈন উদ্দিনসহ তিন শিক্ষক-কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব)। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাবির জুবেরী ভবনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে দাবি জানানো হয়, হামলার সঙ্গে জড়িতদের রাকসু নির্বাচনের প্রার্থীতার ব্যাপারে অযোগ্য ঘোষণা করতে হবে। স্থায়ী বহিষ্কার করতে হবে বিশ্ববিদ্যালয় থেকে।
এছাড়া আরও তিনটি দাবি তুলে ধরা হয় ইউট্যাবের পক্ষ থেকে, হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, রাকসু নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় স্থায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে তারা কর্মসূচি দিতে বাধ্য হবেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনটির রাবি শাখার সভাপতি অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ। তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া না হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ আরও কঠোর আন্দোলনের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচিতে যেতে বাধ্য হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটা আন্দোলনের সময় সম্প্রতি তিন শিক্ষক-কর্মকর্তা লাঞ্ছিত হন। আসন্ন রাকসু নির্বাচনের স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী সালাহউদ্দিন আম্মার তার অনুসারীদের নিয়ে এ ঘটনা ঘটান বলে অভিযোগ।