সোমবার, আগস্ট ২৪, ২০২৬

রাজশাহী মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত

WP Import ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:


জাতীয়বাদী ছাত্রদলের রাজশাহী মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এছাড়াও মহানগর অর্ন্তগত আরও তিনটি ইউনিট কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের ভেরিফাইড পেজে এ তথ্য জানানো হয়। সেখানে সংবাদ বিজ্ঞপ্তি পোস্ট করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে সই করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী মহানগর শাখা এবং মহানগর শাখার অধীনস্থ মতিহার উত্তর, দক্ষিণ ও কাটাখালী থানা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শীঘ্রই ইউনিটগুলোর নতুন কমিটি ঘোষণা করা হবে।

কমিটি বিলুপ্তির বিষয়টিও নিশ্চিত করেছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ। তিনি বলেন, কমিটি বিলুপ্তির নোটিশ দেখেছি। কিন্তু কেন্দ্র থেকে কিছুই জানানো হয়নি। হয়তো রাতের মধ্যে জানিয়ে দেওয়া হবে। আর নতুন কমিটিও ঘোষণা করবে কেন্দ্রীয় কমিটি।

২০২৩ সালের ৮ জুন আকবর আলী জ্যাকিকে সভাপতি ও খন্দকার মকসুদুর রহমান সৌরভকে সাধারণ সম্পাদক করে রাজশাহী মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছিল। দুই বছর তিন মাস পর এই কমিটি বিলুপ্ত করা হলো।