পবায় জাতীয় ৫২তম গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা শেষ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবা উপজেলায় শেষ হলো জাতীয় ৫২তম গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নওহাটা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান। তিনি বলেন,“খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। আজকের এ প্রতিযোগিতা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোতাহার হোসেন, নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামানিক, পুঠিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান, তেঘর দাখিল মাদ্রাসার সুপার রেজওয়ানুল হক পিনু মোল্লা এবং প্রধান শিক্ষক সুনন্দ কুমার পাল।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমে শিক্ষা অফিসার মোতাহার হোসেন বলেন,“এ প্রতিযোগিতা শুধু বিজয়-পরাজয়ের বিষয় নয়; এটি শিক্ষার্থীদের ভ্রাতৃত্ব, বন্ধুত্ব আর পারস্পরিক সহযোগিতার এক অনন্য উদাহরণ।”
প্রতিযোগিতায় দলীয় ইভেন্টে ফুটবলে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ইউসেপ টেকনিকাল স্কুল এবং রানারআপ মাসকাটাদিঘী বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ। বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়, রানারআপ নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়।
কাবাডিতে বালক বিভাগে চ্যাম্পিয়ন দারুশা উচ্চ বিদ্যালয় ও রানারআপ কুলপাড়া উচ্চ বিদ্যালয়। বালিকা কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে কসবা উচ্চ বিদ্যালয় এবং রানারআপ নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়।
হ্যান্ডবলে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মাসকাটাদিঘী বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হাটরামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় ও রানারআপ নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়।
ব্যক্তিগত ইভেন্ট দাবায়ও শিক্ষার্থীরা নিজেদের মেধা ও কৌশল প্রদর্শন করে। বড় বালক বিভাগে ইউসেপ টেকনিকাল স্কুলের আহানাফ আবিদ চ্যাম্পিয়ন এবং বসুয়া উচ্চ বিদ্যালয়ের সামিউল ইসলাম রানারআপ হয়। মধ্যম বালক বিভাগে রাজশাহী সরকারি পাটকল উচ্চ বিদ্যালয়ের সাজিদ সরকার চ্যাম্পিয়ন এবং দাদপুর দাখিল মাদ্রাসার সিয়াম আহমেদ রানারআপ হয়। এছাড়াও বড় বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের নিশি আক্তার। মধ্যম বালিকা বিভাগে অধ্যাপক নজিবুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের মনিরা খাতুন চ্যাম্পিয়ন এবং মাসকাটাদিঘী বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের আফিয়া নওয়ার রানারআপ হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেন। পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেওয়ার সময় মাঠজুড়ে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী ও অভিভাবকেরা এ ধরনের আয়োজন নিয়মিত করার দাবি জানান।