নগরীতে জেনারেল হাসপাতালে হামলা চালিয়ে বিশ লাখ টাকা চাঁদা দাবি
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর লক্ষীপুরে অবস্থিত রাজশাহী জেনারেল হাসপাতালে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এছাড়াও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। সন্ত্রাসী তা-বের অভিযোগে মামলা হয়েছে।
হাসপাতালের স্বত্বাধিকারী শিহাব (৩৪) এই মামলা দায়ের করেন। তিনি উল্লেখ করেন, হাসপাতাল পরিচালনার সময়ে ২ নম্বর আসামি আবু সাদাত মো. সায়েম ওরফে রাজু (৫০) রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেআইনিভাবে হাসপাতালের চেয়ারম্যান পদ দখল করেন। যদিও রাজুর নিজের কোনো শেয়ার নেই, শুধুমাত্র তার স্ত্রী মেরিনা খাতুন এর নামে ৫ পার্সেন্ট শেয়ার থাকায় তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরপর থেকে তিনি প্রাপ্য লভ্যাংশ ছাড়াও অতিরিক্ত অর্থ আদায় শুরু করেন।
মামলায় বলা হয়, ২০ সেপ্টেম্বর ২০২৫ রাত ৮টা ১৫ মিনিটে রাজু ও ১১ জন নামীয় এবং আরও ২০/২২ জন অজ্ঞাতনামা ব্যক্তি হাসপাতালের এমআরআই ইউনিটে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তারা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং ১ নম্বর আসামি জাহিদ হাসান শিশিরকে শেয়ার হোল্ডার করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে।
শিহাব আরও জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে চড়, থাপ্পড় ও দেয়ালে ধাক্কা দিয়ে সাধারণ জখম করে। এছাড়াও, উপস্থিত অন্যান্য পরিচালক নুর হোসেন, জাবের আলী, শরিফুল ইসলাম, আবদুল বারিক শাহ, আব্দুল্লাহ আল হাসান বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকেও ধাক্কা মেরে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
শিহাব উল্লেখ করেন, এর আগে ১ জুন রাত ১০টা ও ১১টায় রাজু ও জাহিদ হোসেন শিশির তাদের দলবল নিয়ে তাকে মারধরের চেষ্টা করেছিলেন। তবে স্থানীয়দের উপস্থিতি ও নিরাপত্তার কারণে মারধর সম্ভব হয়নি।
তিনি বলেন, আসামিরা যে কোনো মুহূর্তে তার বা অন্যান্য পরিচালকদের বড় ধরনের ক্ষতি করতে পারে। পরিবার ও হাসপাতালের অন্যান্য পরিচালকদের সঙ্গে আলোচনা শেষে তিনি রাজপাড়া থানায় মামলা দায়ের করেন।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, মামলার ভিত্তিতে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন ও অভিযোগকারীর সঙ্গে সাক্ষাৎ করেছে। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।