রবিবার, আগস্ট ২৩, ২০২৬

এই সময়কে দেয়া মির্জা ফখরুলের বক্তব্যে নিয়ে তোলপাড়, বক্তব্য অসত্য, প্রমাণ দেয়ার আহ্বান জামায়াতের, বিএনপির দাবি বক্তব্যের ভুল উপস্থপান

WP Import ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৫ অপরাহ্ন জাতীয়
WP Import ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৫ অপরাহ্ন
এই সময়কে দেয়া মির্জা ফখরুলের বক্তব্যে নিয়ে তোলপাড়, বক্তব্য অসত্য, প্রমাণ দেয়ার আহ্বান জামায়াতের, বিএনপির দাবি বক্তব্যের ভুল উপস্থপান
এই সময়কে দেয়া মির্জা ফখরুলের বক্তব্যে নিয়ে তোলপাড়, বক্তব্য অসত্য, প্রমাণ দেয়ার আহ্বান জামায়াতের, বিএনপির দাবি বক্তব্যের ভুল উপস্থপান

সোনার দেশ ডেস্ক:


ভারতের পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক ‘এই সময়’কে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। বিএনপি মহাসচিবের দেয়া বক্তব্যে জামাতে ইসলামী তিব্র প্রতিবোদ জানিয়েছে। অন্যদিকে বিএনপির প্রেস উইং থেকে দেয়া এক বিবৃতিতে মির্জা ফখরুলের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) এই সময় পত্রিকায় সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।

ওই সাক্ষাৎকাওে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ছাড় দিতে জামায়াতে ইসলামী বিএনপির কাছে প্রস্তাব করেছিল বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।
সেই প্রস্তাবে সম্মত না হওয়ায় জামায়াত এখন পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে বিএনপির ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

জামায়াত ৫০টি আসন চেয়েছে কি না-ওই সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, ৩০টি চেয়েছে। আমরা উৎসাহ দেখাইনি। অনেক কম একটা সংখ্যার কথা বলেছি, যা তাদের মনঃপুত হয়নি।
পত্রিকাটির সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায় এ সাক্ষাৎকার নেন। তার উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনাকে আশ্বাস দিচ্ছি, জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেবো না। তারা যত বড় না শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। পিআর-টিআর সবই বিএনপির ওপরে চাপ সৃষ্টির কৌশল।

‘জামায়াত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে। আসলে দেশের মানুষ প্রবলভাবেই নির্বাচন চাইছেন। সেনাবাহিনী চাইছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও চাইছেন।’

পিআর পদ্ধতির ভোট নিয়ে জামায়াতের দাবি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, জামায়াত ভোটে আসবে। পিআর-টিআর নয়, মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন, সেই প্রচলিত পদ্ধতিতেই বাংলাদেশের ভোট হবে। জামায়াতও দেখবেন অংশ নেবে। আর এনসিপিকে আমরা কোনো শক্তি বলেই আর মনে করি না। এটি ঠিক এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল। এখন আর তাদের কিছু নেই। ডাকলে লোকও আসে না।

এনসিপিও বিএনপি কাছে আসন চেয়েছিল কি না, এ প্রশ্নে তিনি বলেন, না। এনসিপি কখনো চায়নি। তবে জামায়াত চেয়েছে। এনসিপির এখন একমাত্র লক্ষ্য, বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া।
মির্জা ফখরুলের বক্তব্য অসত্য, প্রমাণ দেওয়ার আহ্বান জামায়াতের
‘ত্রিশটি আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত’ শিরোনামে প্রকাশিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অসত্য ও প্রতিহিংসাপরায়ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘সম্প্রতি ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ‘এই সময়’র সঙ্গে এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের বক্তব্য সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদ এ ধরনের বক্তব্য দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। এ বক্তব্যের সঙ্গে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। যদি এ বক্তব্য তার হয়ে থাকে, তবে বাধ্য হয়ে আমরা তার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি এ বক্তব্য যদি তার হয়ে থাকে- তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার কাছে এ আসনগুলো দাবি করেছে- তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার জন্য দ্ব্যর্থহীন কণ্ঠে আহ্বান জানাচ্ছি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাভাবিকভাবে তার মূল নেতৃত্বের অধীনে পরিচালিত হয়। কারও কাছে আসন চাওয়ার রাজনীতির সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান সময়ে দূরতম কোনো সম্পর্ক নেই। তিনি যদি তার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন, তাহলে আমরা আহ্বান জানাবো সত্যকে মেনে নিয়ে তিনি তার বক্তব্যের জন্য ন্যূনতম পক্ষে জনগণের সামনে দুঃখ প্রকাশ করবেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি এবং সংগঠনের মর্যাদা সম্পর্কে তিনি যে তাচ্ছিল্যের ভাষায় কথা বলেছেন, তার বিচারের ভার জনগণের আদালতের ওপর ছেড়ে দিলাম। প্রিয় জনগণের ওপর আমাদের যথেষ্ট আস্থা রয়েছে। আমাদের কার্যক্রম দেশ ও জনগণের জন্য। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের চূড়ান্ত লক্ষ্য। আমাদের ভরসার মূল জায়গা মহান রবের করুণা ও সাহায্য।
ভবিষ্যতে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।

বিএনপির দাবি সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে
ভারতীয় সংবাদ মাধ্যম ‘এই সময়ে’ প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের পাঠানো এক বিজ্ঞিপ্তিতে এই দাবি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে, ভারতের দৈনিক পত্রিকা “এই সময়’-এ প্রকাশিত সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে, তা তিনি বলেননি। সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও, এটি ভুল ও বিভ্রান্তিকর।’

বিজ্ঞিপ্তিতে আরো বলা হয়েছে, ‘মির্জা ফখরুল একজন সিনিয়র রাজনৈতিক নেতা হিসেবে কখনো কোনো অবান্তর কথা বলেন না। তিনি এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন।’
পাশাপাশি বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করতে সাংবদিকদের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব।
তথ্যসূত্র: জাগোনিউজ, রাইজিংবিডি