খুলনায় চাঁদাবাজির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

সোনার দেশ ডেস্ক :
খুলনার ফুলতলা উপজেলার চাঁদাবাজির অভিযোগে বাড়ি থেকে ধরে এনে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
ফলতলা থানার ওসি মো. জেল্লাল হোসেন বলছেন, শনিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার জামিরা বাজারে এ ঘটনায় নিহত ৪০ বছর বয়সী আলম মোল্যা উপজেলার টোলনা গ্রামের হায়দার আলী মোল্যার ছেলে।
তার লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঘটনার বর্ণনায় স্থানীয়রা বলছে, শনিবার বিকালে জামিরা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মোল্যার গ্রামের বাড়ি টোলনা গিয়ে অস্ত্র ও মুখোশধারী চার-পাঁচজন সন্ত্রাসী তাকে হত্যার হুমকি দেয়।
এর আগে ওই সন্ত্রাসী বাহিনী জামিরা বাজারের একটি দোকানিকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা দাবি করে।
এ সব ঘটনার জেরে বাজারের ব্যবসায়ীরা একজোট হয়ে আলম মোল্যাকে তার বাড়ি থেকে ধরে বাজারে নিয়ে এসে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জামিরা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাক হুমায়ুন কবির মোল্যা বলেন, স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ ফুলতলা বাজারে গিয়ে কয়েকটি দোকানে চাঁদা চেয়েছিল। পরে তার বাড়িতে গিয়েও হত্যার হুমকি দেয়।
হুমায়ুনের ভাষ্য, “এ ঘটনায় ব্যবসায়ীরা একজোট হয়ে আলম মোল্যা নামের একজনকে তার বাড়ি থেকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান।”
ওসি জেল্লাল বলেন, আলম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ফুলতলা ও ডুমুরিয়া এলাকায় ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদাবাজি করছিলেন বলে অভিযোগ রয়েছে।
তথ্যসূত্র: বিডিনিউজ