তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, জুয়া, জালিয়াতি ও প্রতারণায় দুই বছর কারাদন্ড বা এক কোটি টাকা জরিমানা

সোনার দেশ ডেস্ক:
জুয়া, জালিয়াতি ও প্রতারণায় প্রমাণ পাওয়া গেলে দুই বছর কারাদন্ড বা এক কোটি টাকা জরিমানা দিতে হবে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক তথ্য বিবরণীতে এ তথ্য জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
এতে বলা হয়, সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর ২০ ধারা অনুযায়ী সাইবার স্পেসে জুয়া, জালিয়াতি ও প্রতারণার শাস্তি দুই বছরের কারাদন্ড বা অনধিক এক কোটি টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হবেন।
সদ্য জারি হওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এ অধ্যাদেশ অনুযায়ী যদি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা অন্য কোনো সংস্থা সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল বা অ্যাপস বা ডিভাইস তৈরি করেন বা পরিচালনা করেন বা জুয়া খেলায় অংশগ্রহণ করেন বা খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান করেন বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনে, অনলাইনে, ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অংশগ্রহণ এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচার বা বিজ্ঞাপিত করেন তাহলে তা দ-নীয় অপরাধ বলে গণ্য হবে।
সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর ধারা ২০ অনুযায়ী বর্ণিত অপরাধ সংঘটনের ক্ষেত্রে অনধিক দুই বৎসর কারাদ- বা অনধিক এক কোটি টাকা অর্থদন্ড বা উভয় দন্ডের বিধান রয়েছে। এছাড়া, অনলাইন জুয়া বন্ধে প্রয়োজনীয় কার্যকরি ব্যবস্থা গ্রহণের জন্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা রয়েছে।
জুয়া খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনে অংশগ্রহণ এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচার বা বিজ্ঞাপিত করা থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে এবং অপরাধ দমন ও সাইবার সুরক্ষা নিশ্চিত করতে অনলাইন জুয়ার সব গেটওয়ে, অ্যাপ্লিকেশন, লিংক, ওয়েবসাইট এবং বিজ্ঞাপন জনস্বার্থে জরুরিভিত্তিতে বন্ধ, ব্লক বা অপসারণের জন্য সংশ্লিষ্ট সব ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে অবহিত করা হচ্ছে।
তথ্যসূত্র: রাইজিংবিডি