রাকসু নির্বাচনে ২ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে: আরএমপি কমিশনার

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আরএমপি কমিশনার আবু সুফিয়ান। ছবি: সংগৃহীত
রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে দুই হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
আরএমপি কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত এখানে আমাদের গোয়েন্দা দল কাজ করছে। তাঁরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ পর্যবেক্ষণ করছেন। বিশ্ববিদ্যালয়ের এরিয়া যেহেতু অনেক বড় এবং বিভিন্ন প্রবেশপথ রয়েছে, সেহেতু আমরা কেন্দ্রভিত্তিক একটা বলয় তৈরি করব৷ আর তা নির্বাচনের আগের দিন থেকে কার্যকর হবে।’
তিনি বলেন, ‘নির্বাচন ঘিরে কোন জায়গায় কি-ধরনের নিরাপত্তা লাগবে, তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে আমরা সে অনুযায়ী পরিকল্পনা সাজাব।’
এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাকসু নির্বাচন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সালেহ হাসান নকীব। সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
সভায় পুলিশ কমিশনার বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, ছাত্রনেতা এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা অপরিহার্য। তিনি সবাইকে শৃঙ্খলা বজায় রাখা, গুজব বা উসকানিমূলক কার্যক্রমে কান না দেওয়া এবং যে কোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি ঘটলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান। তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আরএমপি’র পক্ষ থেকে যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেই লক্ষ্যে পর্যাপ্ত ফোর্স মোতায়েন থাকবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাকসু নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।