রাবি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-২০২৬ উদ্বোধন

প্রতিযোগিতার উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন
সংবাদ বিজ্ঞপ্তি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ^বিদ্যালয় স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন উড়িয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন। আন্তঃবিভাগ গেমস্ কমিটির সভাপতি ও কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, কলেজ পরিদর্শক প্রফেসর এফ নজরুল ইসলাম, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোছা. রোকসানা বেগমসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা উদ্বোধন করে উপ-উপাচার্য (প্রশাসন) তাঁর বক্তব্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলসমূহকে প্রকৃত খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান। এই প্রতিযোগিতা সকলের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত রয়েছে ফুটবল, বাস্কেটবল, হ্যান্ডবল, ভলিবল, অ্যাথলেটিকস্, ক্রিকেট, কাবাডি, উশু, জুডো, কারাত ও ইন্ডোর গেমস্ (ছাত্র-ছাত্রী)।