সিরাজগঞ্জে বাবাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদন্ড

সোনার দেশ ডেস্ক:
জমি লিখে না দেওয়ায় সিরাজগঞ্জের সলঙ্গায় বাবাকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি আরও দুজনকে সাজা দেওয়া হয়েছে।
রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৩) আদালতের বিচারক মো. মাহবুবুর রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) আব্দুল লতিফ।
মৃত্যুদন্ডপ্রাপ্ত রেজাউল করিম লাবু সলঙ্গা থানার কৈমাঝুরিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
একই মামলায় ইদ্রিস আলীর দ্বিতীয় স্ত্রী রেনুকা বেগম এবং লাবুর স্ত্রী ইসমত আরাকে তিন মাস করে কারাদন্ড দেওয়া হয়েছে।
মামলার বরাতে আইনজীবী বলেন, ২০২০ সালের ৪ মার্চ দুপুরে সলঙ্গা থানার অলিদহ গ্রামের একটি পুকুর থেকে ইদ্রিস আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রেজাউল করিম লাবু অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্ত চলাকালে পুলিশ জানতে পারে, জমি সংক্রান্ত বিরোধের কারণে স্বজনরাই ইদ্রিস আলীকে হত্যা করেছে। এ অবস্থায় মামলার বাদী রেজাউল করিম লাবুকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে দেন। তাতে বলেন, জমি লিখে না দেওয়ায় ২০২০ সালের ৩ মার্চ রাতে ইদ্রিস আলীকে হত্যা করা হয়। তাতে রেনুকা বেগম এবং ইসমত আরা সহযোগিতা করেন।
মামলায় বলা হয়, হত্যার পর মরদেহ গুম করার জন্য পুকুরে ফেলে দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে তিনজনের বিরুদ্ধে প্রতিবেদন দেন।
আইনজীবী আব্দুল লতিফ বলেন, রেজাউল করিম লাবুকে মৃত্যুদন্ড ছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
রেনুকা বেগম ও ইসমত আরাকে তিন মাসের কারাদন্ড ছাড়াও ৫০০ টাকা করে জরিমানা; অনাদায়ে আরও ১৫ দিন করে কারাদ- দিয়েছে আদালত।
তথ্যসূত্র: বিডিনিউজ