চোরাই স্বর্ণ ও রূপার অলংকার উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে চোরাই স্বর্ণ ও রূপার অলংকার উদ্ধার করেছে পুলিশ। এসময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টম্বর) মোহনপুর থানা পুলিশের সহযোগিতায় হরিরামপুর চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোহনপুর থানার হরিরামপুর চাঁদপুরের চাঁন মোহাম্মদ মন্ডলের ছেলে সোহাগ আলী (২২) ও শাহমখদুম থানার ডাঙ্গীপাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ে মাইমুনা আক্তার জেরিন (১৭)।
আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনা সূত্রে জানা যায়, গত বছরের ১৮ আগস্ট ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম (৩৮) তার ছেলেকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান এবং ২১ আগস্ট নিজ বাড়িতে ফিরে এসে দেখেন আলমারিতে রাখা স্বর্ণ ও রূপার অলংকার নেই। অনেক খোঁজা-খুঁজির পরও না পেয়ে তিনি ধারণা করেন তার অলংকারাদি চুরি হয়েছে। এদিকে ভূক্তভোগীর বাড়িতে প্রায় ৭-৮ মাস ধরে বসবাসরত ভাতিজি জেরিনের আচরণ সন্দেহজনক মনে হলে তিনি চলতি বছরের ১২ সেপ্টেম্বর শাহমখদুম থানা পুলিশকে জানায়।
শাহমখদুম থানা পুলিশ জেরিনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানতে পারে, বাড়ির সবাই ঘুমিয়ে গেলে জেরিন আসামি সোহাগ আলীর পরামর্শে ২১ আগস্ট সকাল ১০টায় স্বর্ণ ও রূপার অলংকার চুরি করে পবা থানার নওহাটায় সোহাগের কাছে পৌঁছে দেয়।
আসামি জেরিনের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহমখদুম ও মোহনপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সোহাগ আলীকে গ্রেপ্তার করে।
অভিযানকালে সোহাগের হেফাজত থেকে ১৪ ভরি ১ আনা ৪ রতি স্বর্ণের অলংকার (আনুমানিক মূল্য ২৩ লাখ ৫৫ হাজার ১৮৪ টাকা) এবং ২১ ভরি ৭ আনা রূপা (আনুমানিক মূল্য ৪৭ হাজার ১৬২ টাকা) উদ্ধার করে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় চুরির মামলা হয়েছে।