পুঠিয়ায় ৮০ হাজার টাকার অবৈধ জাল জব্দ করে ধ্বংস

পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে চায়না দুয়ারী প্রায় ১৩শ মিটার, সুতা ও কারেন্ট জালসহ অন্যান্য প্রায় ২৫শ মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৮০ হাজার টাকাও বেশি। এ সময় জালে আটকা পড়া বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও জলজ প্রাণী স্থানীয় বিল ও খালে অবমুক্ত করা হয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ চায়না দুয়ারী জাল ও সুতার জাল, কারেন্ট জালসহ বিভিন্ন জব্দকৃত জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবু দাস।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান, চায়না দুয়ারী জাল, সুতা ও কারেন্ট জালসহ প্রায় ৩৮শ মিটার জালের প্রায় আনুমানিক দাম ৮০ হাজার টাকাও বেশি। এই অবৈধ জাল গুলো ব্যবহারের ফলে মৎস্য প্রজাতির ও জলজ জীববৈচিত্রের মারাত্মক ক্ষতি হচ্ছে। তাই আমাদের এই মোবাইল কোর্ট পরিচালনা অভিযান অব্যাহত থাকবে।