রবিবার, আগস্ট ২৩, ২০২৬

নগরীতে ফ্লাইওভারের পাশ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

WP Import ১২ সেপ্টেম্বর ২০২৫ ১১:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১২ সেপ্টেম্বর ২০২৫ ১১:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী মহানগরীতে ফ্লাইওভার পাশ থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হলেও তা পরে পরিচয় নিশ্চিত করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)।

উদ্ধার হওয়া বৃদ্ধার নাম সূর্য বেগম হেলেনা (৬৫)। তিনি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামের ছয়জদ্দিন বেপারির মেয়ে। পিবিআই ক্রাইম সিনের একটি টিম মৃত ব্যক্তির হাতের আঙ্গুলের ছাপ নিয়ে এই পরিচয় শনাক্ত করে।

স্থানীয়রা জানান, প্রায় দুই দিন আগে এই বৃদ্ধা এলাকায় এসেছিলেন। তিনি অসুস্থ ও অপরিচ্ছন্ন ছিলেন। স্থানীয় নারীরা তাকে গোসল করিয়ে, খাবার ও ওষুধের ব্যবস্থা করেছিলেন।
এর আগে শুক্রবার সকালে স্থানীয়রা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং কোনো আঘাতের চিহ্ন না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এরপর ঘটনাস্থলে পিবিআই ক্রাইম সিনের একটি টিম গিয়ে বৃদ্ধার আঙ্গুলের ছাপসহ কিছু গুরুত্বপূর্ণ ছবি সংগ্রহ করেন। পরে তারা তথ্য প্রযুক্তির বিশেষ সহযোগিতা নিয়ে তার পরিচয় বের করেন ও পরিবারের সদস্যদের লাশ নেওয়ার জন্য খবর দেন।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ বলেন, মৃত বৃদ্ধার স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। তারা রওয়ানা দিয়েছেন। তাদের কাছে মরদেহ তুলে দেওয়া হবে। বৃদ্ধার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাও ময়নাতদন্তের প্রতিবেদন এলে বোঝা যাবে মৃত্যুর আসল কারণ।