শনিবার, আগস্ট ২২, ২০২৬

ডাকসুর ছাত্রদল প্রার্থীকে শুভ কামনা, ওসির পোস্ট ঘিরে সমালোচনা

WP Import ০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪৬ অপরাহ্ন
WP Import ০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪৬ অপরাহ্ন
ডাকসুর ছাত্রদল প্রার্থীকে শুভ কামনা, ওসির পোস্ট ঘিরে সমালোচনা
ডাকসুর ছাত্রদল প্রার্থীকে শুভ কামনা, ওসির পোস্ট ঘিরে সমালোচনা

সোনার দেশ ডেস্ক:


ডাকসু নির্বাচনে ছাত্রদলের তিন প্রার্থীর প্রতি শুভ কামনা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির ফেইসবুক পেইজ থেকে করা পোস্ট ঘিরে ব্যাপক সমালোচনা হচ্ছে।
ওসি মোহাম্মদ মোজাফ্ফর হোসেনের ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্ট থেকে সোমবার রাত ২টার দিকে পোস্টটি করা হয়। তারপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকে প্রশ্ন তুলেছেন, একজন সরকারি কর্মকর্তা এটা করতে পারেন কি-না?

আলোচনা-সমালোচনার মধ্যেই মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ওসি মোজাফ্ফর হোসেন নিজের ফেইসবুক আইডিতে লেখেন, “আইডিতে শকুনের চোখ পড়েছে। হ্যাক করার চেষ্টা চলছে।”
পরে তিনি সাংবাদিকদের বলেন, তার ফেইসবুক আইডি হ্যাক হয়েছিল।
মঙ্গলবার দুপুরে সেই আইডিতে গিয়ে আর পোস্টটি পাওয়া যায়নি।

ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ২১ নম্বর ব্যালটে সহসভাপতি (ভিপি) প্রার্থী হয়েছেন আবিদুল ইসলাম আবিদ, ১৭ নম্বর ব্যালটে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী হয়েছেন তানভির বারী হামিম এবং একই প্যানেলে ৮ নম্বর ব্যালটে সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভির আল হাদী মায়েদ।
সোমবার মধ্যরাতে ‘শুভ কামনা রইল ২১, ১৭, ০৮’ লেখা একটি ফটোকার্ড ওসি মোজাফ্ফরের ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়। তাতে ক্যাপশনে লেখা হয়, ‘মেধাবীদের জন্য শুভ কামনা রইল’।

এই পোস্টের প্রতিবাদ জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
খাইরুল সরকার নামের এক ব্যক্তি ওসির ফেইসবুক পেইজ থেকে করা পোস্টটি শেয়ার করে প্রতিবাদ জানান। সেখানে তিনি লেখেন, “ যাক নির্বাচন করার আগে কেন সংস্কার দরকার এটা জনগণ ভুলে গেলেও অভ্যুত্থানের ছাত্র-জনতা ভুলবে না। সে সরকারি কর্মকর্তা হয়ে নির্বাচন প্রচারণা চালানো আইনগতভাবে বৈধ কি-না দেখতে হবে।”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সদস্য আসাদুজ্জামান খোকন সেই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “ডাকসুতেই এই অবস্থা! জাতীয় নির্বাচনে কী হবে?”
প্রতিবাদ জানিয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ লিখেছেন, “ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি ডাকসু নির্বাচনে ছাত্রদলের পক্ষে প্রচারণা করছেন। পুলিশের ওসি পদে থেকে কীভাবে একটি দলের পক্ষে ক্যাম্পেইন করতে পারেন?”

সাংবাদিক মোজ্জামেল হক পোস্টের স্ক্রিনশর্ট দিয়ে লেখেন, “আইন অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কর্মকান্ড বা প্রকাশ্য সমর্থন প্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ।”
একজন ওসির কাছ থেকে রাজনৈতিক নিরপেক্ষতা প্রত্যাশিত; তবে হ্যাকিংয়ের অজুহাত দিয়ে দায় এড়ানো যাবে না বলে মনে করেন মোজ্জামেল হক।
যদি সত্যিই ওসির আইডি হ্যাক হয়ে থাকে, তবে সেটিও প্রমাণ করার দায়িত্বও তার বলে মন্তব্য করেন তিনি।

বেলা ১২টার দিকে ‘সদর থানা ব্রাহ্মণবাড়িয়া’ নামে অফিসিয়াল ফেইসবুকের এক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, “আমার ব্যক্তিগত আইডি হ্যাক করে রাজনৈতিক পোস্ট দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে। আমার আইডিতে শকুনের চোখ পরেছে। আইনি ব্যবস্থা নিব ইনশাআল্লাহ।”
তথ্যসূত্র: বিডিনিউজ