রবিবার, আগস্ট ২৩, ২০২৬

আগস্টে সড়কে মৃত্যু ৫০২ জন, প্রতিকার কি সম্ভব না?

WP Import ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৪ পূর্বাহ্ন সম্পাদকীয়
WP Import ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৪ পূর্বাহ্ন

আগস্ট মাসে দেশে সড়ক দুর্ঘটনায় ৫০২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১২৩২ জন। ৪৯৭ টি সড়ক দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যম পর্যবেক্ষণে এই তথ্য প্রকাশ করেছে। সড়ক দুর্ঘটনায় উদ্বেগজন হারে বাড়ছে মোটর সাইকেল দুর্ঘটনা। একইভাবে মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহতের সংখ্যাও সব দুর্ঘটনার ওপরে। তথ্যমতে, ১৬৫ টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত, ১৪৪ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৩.১৯ শতাংশ, নিহতের ক্ষেত্রে এ হার ৩৫.০৫ শতাংশ এবং আহত ১১.৬৮ শতাংশ। বেপরোয়া বাইকচালকদের রোখার জন্য তেমন গরজ কেউ বোধ করছেন না। এমন উদাসীনতা ভবিষ্যতে ভয়ংকর কিছু ইঙ্গিত দেয়।
সংবাদ মাধ্যমের তথ্য থেকে জানা যায়,বিশ্বে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ১১ লক্ষ ৯০ হাজার মানুষ প্রাণ হারায়। ওয়ার্ল্ড হেলথ র‌্যাঙ্কিং অনুসারে, সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা কবলিত ১৮৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৬তম। সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও তার সঠিক প্রয়োগ ব্যতিত দেশে সড়ক দুর্ঘটনা কমানো বা রোধ করা সম্ভব নয়- এমন কথা বারবার বলা হলেও কিস্তু প্রতিকার পাওয়া যাচ্ছে না।
বিশ্বে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ৯২ শতাংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশে এবং মৃত্যুর অর্ধেকেরও বেশি হচ্ছে পথচারী, সাইকেল ও মোটরসাইকেল আরোহী।
বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা অনেকটা জীবনের অংশ হয়ে গেছে। এ নিয়ে বিস্তর হইচই হয় এবং দুর্ঘটনা এড়ানোর পরামর্শ দেয়া হয় কিন্তু কাজের কাজ কিছুই হয় না। সড়ক দুর্ঘটনায় কোনোই পরিবর্তন নেই। তাই বলে কি পরিবর্তন হবে না? হবে, তখনই যখন দায়িত্ববানরা সদিচ্ছার প্রকাশ ঘটাবেন। বাংলাদেশে প্রতিবছর যে হারে দুর্ঘটনা ঘটে, সেই তুলনায় বিচারের হার খুবই কম। সড়ক দুর্ঘটনায় যে মামলা হয়, সেগুলো চূড়ান্ত পর্যায়ে যায় না। বেশিরভাগই সমঝোতা হয়ে যায়। আর দুর্ঘটনার বিচার খুবই কম হয়। এক শতাংশ মামলারও চূড়ান্ত বিচার হয় না। ফলে সড়কের নৈরাজ্য কমে না। ত্রুটপূর্ণ সড়ক, মেয়াদোত্তীর্ণ যানবাহন, ট্র্রাফিক আইন অবজ্ঞা করা এবং সর্বোপরি দায়িত্বশীলতার অভাবের কারণে সড়কে শৃঙ্খলা ফিরে না। সড়কে মৃত্যু মিছিল ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। এসব নিয়ে সারা বছর ধরেই আলোচনা চলে কিন্তু বাস্তবিক পরিবর্তন হয় না।