রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাকসু’র ভোটার হলো ১মবর্ষের শিক্ষার্থীরা, হতে পারবে প্রার্থীও

WP Import ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০৩ অপরাহ্ন
WP Import ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০৩ অপরাহ্ন

রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে নির্বাচনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, তাঁরা প্রার্থীও হতে পারবে নির্বাচনে। এজন্য মনোনয়নপত্র উত্তোলনের সময় আরো ১ দিন বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত রাকসু নির্বাচন কমিশনারদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে একই স্থানে বিকেল ৪টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এসময় প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবী ও পরামর্শের ভিত্তিতে রাকসু, হল ছাত্র সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ অধিকতর অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করার নিমিত্তে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এজন্য মনোনয়ন ফরম উত্তলনের সময় আরো ১ দিন বাড়ানো হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন বিকেলে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম আরও বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি নিয়ে নানা দাবি উঠেছে। আমরা সব ছাত্রসংগঠন ও প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেছি। তাদের মতামতের ভিত্তিতেই প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্বাচন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৫ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হবে।

সংশোধিত তফসিল অনুযায়ী মনোনয়ন বিতরণের সময়সীমা বাড়িয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। ৪ থেকে ৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ৮ ও ৯ সেপ্টেম্বর বাছাই, ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ১১ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। আর হল সংসদের নির্বাচনের জন্য সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে মনোনয়নপত্র পাওয়া যাবে।

২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে।
এর আগে গত ২৮ জুলাই কমিশন প্রথম দফায় নির্বাচনের তফসিল ঘোষণা করে। তখন ১৭ আগস্ট থেকে মনোনয়ন বিতরণ শুরুর কথা থাকলেও তার আগের রাতে তা স্থগিত করা হয়। পরে নতুন তফসিলে ২৪ থেকে ২৬ আগস্ট মনোনয়নপত্র বিতরণের সময় নির্ধারণ করা হয়। কিন্তু ২৬ আগস্টের জরুরি বৈঠকে সময় বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়। এরপর আবার দুই দিন বাড়িয়ে ২ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন বিতরণের সময় বাড়ানো হলো ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, রাকসুর ভোটে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে শুরু থেকেই আন্দোলন চালিয়ে আসছিল ছাত্রদল। এ দাবিতে তারা এক পর্যায়ে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে গিয়ে মনোনয়ন বিতরণও বন্ধ করে দিয়েছিল। শেষ পর্যন্ত তাদের দাবি মেনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হলো।