শনিবার, আগস্ট ২২, ২০২৬

বহিরাগতদের হামলার পর বাকৃবি বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

WP Import ৩১ আগস্ট ২০২৫ ১১:২৮ অপরাহ্ন জাতীয়
WP Import ৩১ আগস্ট ২০২৫ ১১:২৮ অপরাহ্ন
বহিরাগতদের হামলার পর বাকৃবি বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
বহিরাগতদের হামলার পর বাকৃবি বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

সোনার দেশ ডেস্ক:


অবরুদ্ধ ভিসিসহ শিক্ষক-কর্মকর্তাদের উদ্ধারে বহিরাগতদের হামলার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সোমবার (১ সেপ্টেম্বর) সকালের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবদুল আলীম বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে রাত সাড়ে ৯টায় অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
“সব ছাত্র-ছাত্রীদের সোমবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।”
ভেটেরিনারি অনুষদ এবং পশু পালন অনুষদের শিক্ষার্থীদের প্রায় এক মাস ধরে ‘কম্বাইন্ড ডিগ্রি’র দাবিতে আন্দোলন চলছে। দুই অনুষদের ডিগ্রিকে একীভূত করে একটি ডিগ্রি দেওয়ার দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে ভোটাভুটি পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।
রোববার অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি সমাধান না হওয়ায় দুপুর ১টার দিকে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ভিসিসহ প্রায় ২০০ শিক্ষক-কর্মকর্তাকে আটকে রেখে গেইটে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

বিষয়টি সমাধানে ক্যাম্পাসে ছুটে যান ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থাকেন।
সন্ধ্যার পর উপাচার্যের বাসভবনের পাশ থেকে ২৫০ থেকে ৩০০ জন বহিরাগত দেশি অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দেয়। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে তালা ভেঙে দিলে শিক্ষক ও কর্মকর্তারা বেরিয়ে যান। এ সময় সাংবাদিক ও শিক্ষার্থীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা তাদের দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু আজকে দুপুর থেকে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা হয়। এক পর্যায়ে কিছু লোকজন শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে তাদের উদ্ধার করে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। আমরা বিষয়টি সমাধানের লক্ষ্যে কাজ করছি।”।- বিডিনিউজ