নুরের ওপর হামলা: সুষ্ঠু বিচারের দাবিতে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

রাবি প্রতিবেদক :
রাজধানীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তাঁরা। পরে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এক ঘণ্টাব্যাপী অবরোধ চলাকালে তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এ সময় তাঁরা ‘ছাত্র নাগরিক জনতা, গড়ে তোলো একতা’, ‘জুলাইয়ে হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘ফ্যাসিবাদের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘ভিপি নুর আহত কেন, প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে রাবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মারুফ বলেন, “জাতীয় পার্টির ছায়াতলে সেনা ও পুলিশের নেতৃত্বে নুরুল হক নুরের ওপর যে হামলা হয়েছে, তার দায় সরকার এড়াতে পারে না। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে।”
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাবি’র সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, “২০১৭ সাল থেকে নুর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁর ওপর ভয়াবহ হামলা ভবিষ্যতের জন্য বড় হুমকি। আজ যদি নুর নিরাপদ না থাকেন, তবে সাধারণ ছাত্রনেতারাও নিরাপদ নন।”
এ সময় আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাবি’র সাবেক সমন্বয়ক ফাহিম রেজা ও মাহায়ের ইসলাম, রাবি শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারন সম্পাদক আল শাহরিয়া শুভ এবং শাহবাগ বিরোধী ছাত্র ঐক্যের আহ্বায়ক রাকিবুল হাসান।
এময় বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।