রাকসু নির্বাচন: মনোনয়নপত্র নিয়েছে ছাত্রদল, শেষ দিনে নিবে ছাত্রশিবির

রাকসু নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা
রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ করেছে রাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মনোনয়নপত্র বিতরণের পঞ্চম দিনে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল চারটার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তাঁরা। তবে, হল ছাত্র সংসদের মনোনয়ন পত্র শেষ দিনে (৩১ আগস্ট) সংগ্রহ করবে সংগঠনটির নেতাকর্মীরা।
অন্যদিকে হল ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে ২১৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছে। তবে এখনো রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে মনোনন পত্র সংগ্রহ করেনি সংগঠনটি। তাঁরা মনোনয়ন পত্র বিতরণের শেষ দিনে রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করবেন।
ছাত্রদলের মনোনয়ন পত্র সংগ্রহের সময় সরেজমিনে দেখা যায়, ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ’ গানটি গাইতে গাইতে ছাত্রদলের নেতাকর্মীরা মনোনয়ন পত্র সংগ্রহের জন্য আসেন। এসময় তাঁরা ‘নব্বই দিচ্ছে ডাক, ছাত্রদল জিতে যাক’, ‘নব্বয়ের হাওয়া, এখনো বহমান’, ‘আজকের এই দিনে, জিয়া তোমায় মনে পড়ে’সহ বিভিন্ন স্লোগান দেন।
মনোনয়ন পত্র সংগ্রহকারী ছাত্রদলের একাধিক নেতা জানান, সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাঁরা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তবে, কে কোন পদে নির্বাচন করবেন, সেটা নির্ধারণ করা হবে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়। এদিন রাকসু ও সিনেটের ছাত্র প্রতিনিধি পদে ৩০ জন নেতাকর্মী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। হল ছাত্র সংসদ নির্বাচনের জন্য আগামী রবিবারে (৩১ আগস্ট) মনোনয়ন পত্র সংগ্রহ করবেন অন্য নেতাকর্মীরা।
মনোনয়ন পত্র সংগ্রহকারী নেতাদের মধ্যে রয়েছেন, সহ-সভাপতি জান্নাতুল নাঈম তুহিনা, শেখ নূর উদ্দিন আবির ও মিনারুল ইসলাম মেঘ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা ও আবির হাসান হিমেল, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু, দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন, প্রচার সম্পাদক আর রাফি খান, মানবাধিকার বিষয়ক সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত, বিজয়২৪ হল শাখার সভাপতি গাজী ফেরদৌস হাসান, শেরে বাংলা হল শাখার সভাপতি মারুফ হাসান জেমস প্রমুখ।
মনোনয়ন পত্র সংগ্রহের পর শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ের অন্যতম প্লাটফর্ম রাকসু। জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। বৃহৎ সংগঠন হওয়ায় ছাত্রদলের কাছে শিক্ষার্থীদের প্রত্যাশাও অনেক বেশি। শিক্ষার্থীরা আমাদের নির্বাচিত করলে আমরা শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন, সুষম খাবার, সুপেয় পানি, পড়াশোনা উপযোগী কেন্দ্রীয় লাইব্রেরি ও রিডিং রুমসহ অন্যান্য সুযোগসুবিধা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে চেষ্টা করবো। এছাড়া বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ বাস্তবায়নের চেষ্টা থাকবে আমাদের।
সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু বলেন, নির্বাচন কমিশন একদিনে দুইবার ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করেছে, যা অপেশাদারি আচরণের বহিঃপ্রকাশ। আজকে আমরা কেন্দ্রীয় সংসদের এবং সিনেটের ৫ টি পদে মনোনয়নপত্র তুলেছি। পরবর্তীতে আমাদের কেন্দ্র আমাদেরকে নির্ধারণ করে দিবে কে কোন পদে নির্বাচনে অংশগ্রহণ করবে।
মনোনয়ন পত্র সংগ্রহের শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক-সহ বিভিন্ন পর্যায়ের অর্ধ-শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে, গত ২৬ আগস্ট মনোনয়ন পত্র সংগ্রহ করেছিল বাম ছাত্র সংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্রজোট, রাবি শাখা ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশন।