শনিবার, আগস্ট ২২, ২০২৬

বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের সুযোগ নেই: আইএসপিআর

WP Import ২৮ আগস্ট ২০২৫ ০৮:২৫ অপরাহ্ন জাতীয়
WP Import ২৮ আগস্ট ২০২৫ ০৮:২৫ অপরাহ্ন

সোনার দেশ ডেস্ক:


ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের তিন বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।
এ বিষয়ে নানামুখী আলোচনার মধ্যে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, এ ধরনের কোনো দায়িত্বে সেনাবাহিনীর সম্পৃক্ত হবার ‘সুযোগ নেই’।

আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন সেনাবাহিনী ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে দায়িত্ব পালন করবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল।
গত ২৬ আগস্ট ডাকসু নির্বাচনের ভিপি ও জিএস প্রার্থীদের সঙ্গে রিটার্নিং কর্মকর্তাদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে বলা হয়, গণনার সময় সেনাসদস্যরা ভোটকেন্দ্রেও থাকবেন।
আর ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে তিন দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম ২১ অগাস্ট সাংবাদিকদের এ তথ্য জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের জন্যও চার প্লাটুন সেনাবাহিনী চাওয়ার কথা বলেছিলেন প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।
এরপর বিষয়টি নিয়ে শুরু হয় নানামুখী সমালোচনা। বিশ্ববিদ্যালয়ে সেনা মোতায়েন স্বয়ত্তশাসন নীতির সঙ্গে সাংঘর্ষিক বলেও কেউ কেউ মন্তব্য করেন।
সেই প্রসঙ্গ ধরে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত সংবাদ প্রচারিত হচ্ছে যা সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে।

“সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে এ সকল নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হবার সুযোগ নেই।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ সেনাবাহিনী মনে করে, বিদ্যমান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সমূহ একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।”
তথ্যসূত্র: বিডিনিউজ