শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাকসু নির্বাচন: ৪র্থ দিনে মনোনয়নপত্র সংগ্রহ দুইজনের

WP Import ২৭ আগস্ট ২০২৫ ১০:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৭ আগস্ট ২০২৫ ১০:৪১ অপরাহ্ন

রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণের চতুর্থ দিনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছে মাত্র দুই জন শিক্ষার্থী। এদিন সিনেটে ছাত্র প্রতিনিধি পদেও কেউ মনোনয়ন পত্র সংগ্রহ করেননি। নির্ধারিত সময়ের পরেও মনোনয়ন পত্র সংগ্রহের সময় পাঁচদিন বাড়ানোই চতুর্থ দিনে মনোনয়ন পত্র সংগ্রহে ধ্বস নামার কারণ বলে দাবি প্রধান রিটার্নিং কর্মকর্তার।
প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান বলেন, মনোনয়ন পত্র সংগ্রহের জন্য এখনো দুই কর্মদিবস রয়েছে। এজন্য হয়তোবা আজ মনোনয়ন পত্র সংগ্রহ কম করেছে শিক্ষার্থীরা। সাধারণত শেষ দিনে মনোনয়ন পত্র সংগ্রহের পরিমাণ বেশি হয়।

চতুর্থ দিনে মনোনয়ন পত্র সংগ্রহকারীরা দুই শিক্ষার্থী হলেন- সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে জায়িদ হাসান জোহা এবং সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে মো. লাদেন।
এর আগে, রাকসু নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহের প্রথম দিনে ৫ জন, ২য় দিনে ১০ জন এবং ৩য় দিনে ৮৭ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। এছাড়া সিনেটে ছাত্র প্রতিনিধি পদে ১ম দিনে কেউ মনোনয়ন পত্র সংগ্রহ না করলেও ২য় দিনে ১ জন এবং ৩য় দিনে ১৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন।
এছাড়া হল ছাত্র সংসদে ১ম দিনে ২ জন, ২য় দিনে ৫৭ জন এবং ৩য় দিনে ৩৬৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। তবে, চতুর্থ দিনের তথ্য জানা সম্ভব হয়নি।