শনিবার, আগস্ট ২২, ২০২৬

জুতোর সোলে হেরোইন, রাজশাহীতে আটক মাদক ব্যবসায়ী

WP Import ২৬ আগস্ট ২০২৫ ০৮:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৬ আগস্ট ২০২৫ ০৮:৫৭ অপরাহ্ন
জুতোর সোলে হেরোইন, রাজশাহীতে আটক মাদক ব্যবসায়ী
জুতোর সোলে হেরোইন, রাজশাহীতে আটক মাদক ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক:


মাদক কারবারিরা প্রতিনিয়ত আশ্রয় নিচ্ছে নিত্যনতুন কৌশলের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা ব্যবহার করছে অভিনব সব উপায়। এবার রাজশাহীতে জুতোর সোলের ভেতরে অভিনব কায়দায় হেরোইন পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-৫। সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে মহানগরীর বোয়ালিয়া থানাধীন দড়িখরবনা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম বিশু হেমরম (৩৮)। তিনি গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভার চাতরাপুকুর (নুন্দাপুর) এলাকার মৃত জগেন হেমরমের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ১২০ গ্রাম হেরোইন, দুটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত এক জোড়া জুতা জব্দ করা হয়।

র‌্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল জানতে পারে যে, এক মাদক ব্যবসায়ী হেরোইনের একটি চালান সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রির জন্য দড়িখরবনা এলাকায় অপেক্ষা করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল আসামির ওপর নজরদারি শুরু করে। পরে সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে অভিযান চালিয়ে বিশু হেমরমকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপস্থিত সাক্ষীদের সামনে বিশুর শরীর তল্লাশি করা হয়। একপর্যায়ে তাঁর পায়ে থাকা নতুন জুতার সোলের ভেতর থেকে দক্ষতার সঙ্গে সেলাই করা অবস্থায় লুকানো ১২০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
র‌্যাব-৫ সূত্রে জানা যায়, বিশু হেমরম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে গোদাগাড়ীর সীমান্তবর্তী বিভিন্ন চর থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলাসহ রাজধানী ঢাকার খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।