পবায় সাত দফা দাবি বাস্তবায়নে দলিল লেখকদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবা উপজেলায় দলিল লেখকদের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাজশাহী জেলা কমিটি ও পবা উপজেলা দলিল লেখক সমিতির যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও রাজশাহী জেলা কমিটির সভাপতি এস এম আয়নাল হক। সভা পরিচালনা করেন পবা উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সবুজ।
সভায় সংগঠনের সাত দফা দাবি বাস্তবায়নে বক্তব্য রাখেন উপজেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহসভাপতি মো. মিজানুর রহমান, সহসভাপতি মো. নরুন্নবী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, কোষাধ্যক্ষ মো. আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক মো. আহসান হাবিব বাবু, আইন বিষয়ক সম্পাদক মো. গোলাম রাব্বানী, প্রচার সম্পাদক মো. ইসমাইল হোসেন রাজু, দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন, কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আবু জাফর এবং সদস্য মো. শাহীন আলম, মো. ওয়াসিম খান ও মো. সূরুজ আলী।
দাবিগুলোর মধ্যে রয়েছে—দলিল রেজিস্ট্রেশন পদ্ধতির আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুৎ না করা, প্রতি দলিলের জন্য ন্যূনতম ৪ হাজার টাকা সম্মানী নির্ধারণ, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ দলিল লিখতে না পারা, সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ, পেশাগত কারণে দলিল লেখকদের মামলার আসামি না করা, সমিতির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের লাইসেন্স প্রদান না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি প্রদান।
সভায় বক্তারা জোর দিয়ে বলেন, দলিল লেখকরা দীর্ঘদিন ধরে সরকারের জন্য রাজস্ব আদায়ে অবদান রেখে চলেছেন। অথচ তারা এখন নানা ধরনের বৈষম্য, অবহেলা ও অনিশ্চয়তার মুখোমুখি। সরকারের উচিত হবে দ্রুত সাত দফা দাবি বাস্তবায়ন করে দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা। বক্তারা আরও বলেন, এই দাবি আদায়ে তারা ঐক্যবদ্ধ এবং প্রয়োজনে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
সভায় বক্তারা সাত দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় নেতৃত্বকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং পেশাগত স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।