শামীমের তাণ্ডবের পরও হেরে গেল ঢাকা
বিপিএলে দিনের প্রথম ম্যাচে দারুণ এক জয় পেয়েছে সিলেট টাইটান্স। ৬ রানের জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে মেহেদী হাসান মিরাজের দল। শামীমের বিধ্বংসী ইনিংসের পরও শেষ পর্যন্ত জয় পাওয়া হয়নি ঢাকার। নির্ধারিত ওভারে ১৭৩ রান করে সিলেট। জবাবে ঢাকার ইনিংস থেমেছে মাত্র ১৬৭ রানে।
লক্ষ্য তাড়ায় অবিচল ছিলেন শামীম। যদিও জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ২৭ রান। যা প্রায় এক প্রকার অসম্ভবই ছিল। তাও আবার আমিরের ওভার। এরপরও হার মানেননি শামীম। তিন চার ও এক ছক্কায় ২০ রান তোলেন তিনি।
রান তাড়া করতে নেমে মোহাম্মদ আমিরের আগুনঝরা বোলিংয়ে শুরুটাই ভালো করতে পারেনি ঢাকা। প্রথম দুই ওভারে ১ উইকেট হারিয়ে মাত্র ১ রান করে তারা। শুরুর চাপ সামলেই নেন সাইফ হাসান ও উসমান খান। কিন্তু পাওয়ার প্লের শেষ বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন উসমান। ১৫ বলে ২১ রান করেন তিনি।
পরের বলেই আউট হন সাইফ। তার ব্যাট থেকে আসে ৯ রান। রানের দেখা পাননি দলনেতা মোহাম্মদ মিঠুন। আর নাসির হোসেন করেন মাত্র ৫ রান।
মাত্র ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে একপ্রকার ছিটকে যায় ঢাকা। ষষ্ঠ উইকেট জুটিতে আসে ৪৬ রান। ১৯ বলে ২৩ রানে সাব্বির আউট হন। আর পরের উইকেটে নেমে ১০ বলে ৮ রান করেন ইমাদ ওয়াসিম। আর রানের দেখা পাননি মোহাম্মদ সাইফউদ্দিন।
এদিকে তাসকিন আহমেদকে নিয়ে শেষ ওভার পর্যন্ত খেলে যান শামীম হোসেন। মাত্র ৩২ বলে ফিফটি পূরণের পর ৪৩ বলে করেন ৮১ রানে। অপরাজিত থাকেন তিনি। আর ৫ বলে ৩ রান করে মাঠ ছাড়েন তাসকিন।