সোমবার, আগস্ট ২৪, ২০২৬

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির কফিনে তিনটি ‘পা’!

নাটোর প্রতিনিধি ০১ জানুয়ারি ২০২৬ ১০:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ০১ জানুয়ারি ২০২৬ ১০:২১ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির কফিনে তিনটি ‘পা’!

নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সেন্টু (৪৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয় । এতে পুলিশ নিহত সেন্টুর মরদেহ হস্তান্তরের পর গ্রামের বাড়িতে এনে মরদেহ নিয়ে বিপাকে পরে তার পরিবার। মরদেহে দুটি পায়ের বদলে পাওয়া যায় তিনটি পা। অতিরিক্ত পা নিয়ে দাফনের আগে চরম বিপাকে পড়েছে নিহতের পরিবার ও স্বজনরা। নিহত সেন্টু সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে। এদিকে বিভ্রান্তিকর এ পরিস্থিতিতে এলাকায় শোকের পাশাপাশি এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় বালুবাহী ট্রাকচাপায় নিহত চারজনের মধ্যে সেন্টুও ছিল। 


ভয়াবহ ওই দুর্ঘটনার পর পুঠিয়া হাইওয়ে থানা পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। পরে মরদেহ বাড়িতে আনা হলে গোসল করানোর সময় অস্বাভাবিক বিষয়টি নজরে আসে।


এবিষয় স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ঝন্টু আলী জানান, মরদেহ গোসলের প্রস্তুতির জন্য প্যাকেট খুলতেই তিনি দুইটি পায়ের পরিবর্তে তিনটি পা দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের জানানো হয়। পরে পরিবারের পক্ষ থেকে পুলিশকে অবহিত করা হয়।


নিহতের চাচাতো ভাই কামরুল ইসলাম বলেন, মুয়াজ্জিনের মাধ্যমে মরদেহের সঙ্গে অতিরিক্ত একটি পা থাকার বিষয়টি জানতে পারেন তারা। এর কিছুক্ষণের মধ্যেই পুলিশের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানায়, দুর্ঘটনায় আহত অপর এক ব্যক্তির দুইটা পা’ই বিচ্ছিন্ন। আহতের পরিবারের সদস্যরা পায়ের সন্ধান করছে। পরে সেন্টুর লাশের সাথে একটি পা বেশি আসার কথা পুলিশকে জানানো হয়।


পরে পুলিশ সংশ্লিষ্ট অপর নিহতের পরিবারকে বিষয়টি অবহিত করে। অতিরিক্ত পা বুঝে নিতে তারা রওনা দিয়েছেন বলে জানান কামরুল ইসলাম। এ ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতিতে এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


এদিকে দুর্ঘটনায় আহত হয়ে দুই পা হারানো ওই ব্যক্তির নাম রায়হান হোসেন। রায়হানের ভাতিজা অনিক জানান, দুর্ঘটনায় আহত হয়ে রায়হানের এক হাতের কব্জি ও দুই পা বিচ্ছিন্ন হয়। পুলিশের কাছে পায়ের খোঁজ করলে তারা জানায় একটি পা বাগাতিপাড়ায় নিহত সেন্টুর বাড়িতে আছে।


উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে ঝলমলিয়া এলাকায় বালুবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধারে তড়িঘড়ি করায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।