রাজশাহীতে আবারও সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড, চলছে মৃদ্যু শৈত্যপ্রবাহ
রাজশাহীতে একদিনের ব্যবধানে আবারও সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকলেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত তীব্র শীত অনুভূত হচ্ছে। তবে গেল টানা তিনদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এরকম তাপমাত্রা থাকতে পারে আরও কয়েকদিন।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টায় রাজশাহীতে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ ও বিকেলে ৩৯ শতাংশ। এর আগে গেল বুধ ও বৃহস্পতিবার ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। যা ছিল এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা।
রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে সকাল ৬টার দিকে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সে হিসাবে আজকের তাপমাত্রাই চলতি মৌসুমে সর্বনিম্ন।
সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে একে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি এবং ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সেটিকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, গত ২৮ ডিসেম্বর থেকে এ অঞ্চলে শীতের তীব্রতা বাড়তে শুরু করে। এরপর টানা তিন দিন সূর্যের দেখা মেলেনি। দিন-রাত ঘন কুয়াশার মতো পরিস্থিতির সঙ্গে হালকা বৃষ্টিও হয়েছে। তবে গত বুধবার থেকে দিনের বেলায় সূর্যের দেখা মিলতে শুরু করে। এতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাত ও ভোরের দিকে শীত আরও তীব্র হয়ে উঠছে।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তারেক আজিজ বলেন, গত তিন দিন ধরে রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলেও রাত থেকে ভোর পর্যন্ত তা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। এই পরিস্থিতি আরও কয়েক দিন থাকতে পারে।
শুক্রবার ভোর থেকেই রাজশাহীতে সূর্যের দেখা মিলেছে। তবে সকাল ১০টা পর্যন্ত রোদ থাকলেও শীতের দাপট কমেনি। নগরের বিভিন্ন এলাকায় দেখা গেছে, প্রয়োজনের তাগিদে মানুষ বাইরে বের হলেও মোটা শীতের পোশাক পরে চলাচল করছেন।