সোমবার, আগস্ট ২৪, ২০২৬

নগরীতে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক

সংবাদ বিজ্ঞপ্তি ০৩ জানুয়ারি ২০২৬ ০১:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৩ জানুয়ারি ২০২৬ ০১:৩৫ অপরাহ্ন
নগরীতে ভুয়া সিআইডি  কর্মকর্তা আটক

নগরীতে ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন- কাওসার হোসেন তমাল (২৫)। সে নগরীর কর্ণহার থানার দারুশা গ্রামের মো. কামরুজ্জামানের ছেলে।

থানা সূত্রে জানা যায়, নওগাঁ জেলার মহাদেবপুর থানার ভবানীনগর এলাকার বাসিন্দা নাসরিন জাহান (২৫) গত ১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে কাওসার হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে পরিচিত হন।

পরে শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক পৌনে ৮টায় রাজশাহী নগরীর রাজপাড়া থানার রাজশাহী চিড়িয়াখানার গেটের সামনে সাক্ষাৎকালে অভিযুক্ত ব্যক্তি নিজেকে “এসআই, সিআইডি পুলিশ” হিসেবে পরিচয় প্রদান করেন। এ সময় বাদীর সঙ্গে তার খালাতো বোন মাকামুম মাহমুদা দ্যুতি উপস্থিত ছিলেন।

পরবর্তীতে তারা কোর্ট বুলনপুর ঢালুর মোড়ে একটি চায়ের দোকানে বসে কথাবার্তা বলার একপর্যায়ে অভিযুক্তের কথাবার্তা ও আচরণে সন্দেহ সৃষ্টি হয়। এ সময় উপস্থিত স্থানীয় পরিচিত ব্যক্তিরা তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত পুনরায় নিজেকে সিআইডির এসআই এবং ৪৯তম বিসিএস ক্যাডার হিসেবে দাবি করেন।

বাদী ও স্থানীয় পরিচিত ব্যক্তিবর্গের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অভিযুক্ত তার ভুয়া পরিচয়ের বিষয়টি স্বীকার করে। এরপর বাদী নাসরিন জাহান সাক্ষী ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রাপ্তির পর তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অভিযুক্ত কাওসার হোসেন তমালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় রাজপাড়া থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্নপূর্বক একটি নিয়মিত মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।