মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

আপিল চলছে ইসিতে, সুষ্ঠু ভোটের বিশ্বাস সিইসির

সোনার দেশ ডেস্ক ০৫ জানুয়ারি ২০২৬ ১২:২৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৫ জানুয়ারি ২০২৬ ১২:২৭ অপরাহ্ন
আপিল চলছে ইসিতে, সুষ্ঠু ভোটের বিশ্বাস সিইসির

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমরা বিশ্বাস করি, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে পারবো। সোমবার (০৫ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র গ্রহণ-বাতিলে আপিল আবেদন দাখিলের বুথ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

সিইসি আরও বলেন, নির্বাচনের পরিবেশ ভালো আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা কনভিন্সড, সবার সহযোগিতা নিয়ে সুষ্ঠু নির্বাচন দিতে পারবো। নির্বাচন ভবনে সকাল থেকে চলছে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ। এখানে ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল ৩ হাজার ৪০৬টি, মনোনয়নপত্র জমা পড়েছিল ২ হাজার ৫৬৮টি।

বাছাইয়ে বৈধ হয়েছে ১ হাজার ৮৪২টি। আর বাতিল হয়েছে ৭২৩টি মনোনয়নপত্র। এছাড়া বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যু হওয়ায় তিনটি আসনে তার জমা দেওয়া মনোনয়নপত্রগুলো বাছাই করা হয়নি। সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে ঢাকা অঞ্চলে, ১৩৩টি। সবচেয়ে কম বাতিল হয়েছে বরিশাল অঞ্চলে, ৩১টি।

তফসিল অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা সেগুলো বাছাই করেছেন। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।#


তথ্যসূত্র: বাংলানিউজ