সোমবার, আগস্ট ২৪, ২০২৬

রাজশাহীতে ভরাটকৃত পুকুর পুনরায় খনন করা হলো

নিজস্ব প্রতিবেদক ০৬ জানুয়ারি ২০২৬ ০৯:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৬ জানুয়ারি ২০২৬ ০৯:৫৭ অপরাহ্ন
রাজশাহীতে ভরাটকৃত পুকুর পুনরায় খনন করা হলো

রাজশাহীতে ৪০ শতাংশ জায়গার ভরাট হতে যাওয়া পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে খনন করেছে প্রশাসন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে এগারটায় খনন শুরু হয়ে শেষ হয় বেলা সাড়ে তিনটায়।


পরিবেশ অধিদপ্তর ও ভূমি প্রশাসনের ভাষ্যমতে, নগরীর পঞ্চবটি এলাকার শিরোইল মৌজায় ৪০ শতাংশ আয়তনের পুকুরটি সিটি কর্পোরেশন কর্তৃক সংরক্ষিত। সম্প্রতি স্থানীয় বেশ কয়েকজন ক্রয়সূত্রে এই পুকুরের মালিক হন। তারা দীর্ঘ দিন ধরে ইট, মাটি, বালু ও পরিত্যক্ত বিভিন্ন জিনিস ফেলে ধীরে ধীরে ভরাট করছিলো। এ ব্যাপারে অভিযোগ পেয়ে পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে পুলিশের সহায়তায় পরিবেশ অধিদপ্তর ও বোয়ালিয়া ভূমি অফিস অভিযান শুরু করে। তারা বেলা সাড়ে তিনটা পর্যন্ত একটি খননযন্ত্র (এক্সকেভেটর) দিয়ে ভরাট হওয়া অংশ পুনরায় খনন করে। 


রাজশাহীতে পুকুর ভরাট ও দখল নিয়ে ২০১৪ সালে ‘হাইকোর্টে একটি রিট করেন আইনজীবী মনজিল মোরসেদ। সেই রিটের পরিপ্রেক্ষিতে নগরে পুকুর গণনা করে বোয়ালিয়া ভূমি কার্যালয় ৯৫২টি পুকুরের তালিকা করে। এর মধ্যে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত পুকুর ৪৮টি। বাকিগুলো ব্যক্তিমালিকানাধীন। রাজশাহী সিটি করপোরেশন ২০১৯ সালে ২২টি ব্যক্তিমালিকানাধীন পুকুর অধিগ্রহণের পরিকল্পনা নেয়। পরে আর সে প্রকল্প আলোর মুখ দেখেনি।


এ বিষয়ে বোয়ালিয়া থানা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন জানান, এ অভিযানের মধ্যদিয়ে আমরা সকলকে বার্তা দিতে চাই, জমি ব্যক্তিগত বা সরকারি যাই হোক না কেন, পুকুর খনন বা ভরাট করা বেআইনি। বিষয়টি আমরা কঠোরভাবে মোকাবিলা করবো।


এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক তাছমিনা খাতুন বলেন, পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হবে।