সোমবার, আগস্ট ২৪, ২০২৬

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক ০৬ জানুয়ারি ২০২৬ ১০:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৬ জানুয়ারি ২০২৬ ১০:২৯ অপরাহ্ন
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে বাদ আসর নগরীর হাইটেক পার্ক এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


নগরীর ১ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।


তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপার্সন ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। বারবার রাজনৈতিক প্রতিকূলতা ও নির্যাতনের মুখেও তিনি কখনো আপস করেননি। তাঁর নেতৃত্ব, সাহস ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্রের পথে অনুপ্রাণিত করবে।”


তিনি আরও বলেন, “দেশ আজ একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ককে হারিয়েছে। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তবে তাঁর আদর্শ ও সংগ্রামের পথ ধরেই বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখবে।”


অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।


তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একজন অবিসংবাদিত নেতৃত্ব হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।


এ সময় রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, সিনিয়র সহ-সভাপতি এনায়েতুল ইসলাম রঞ্জু, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসিদুল হক টিপু, মহানগর মহিলা দলের যুগ্ম আহ্বায়িকা মনোয়ারা বেগম এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অসীম রেজা টিংকু প্রমূখ উপস্থিত ছিলেন৷


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলাম মাইনুল। মোনাজাত পরিচালনা করেন জিয়াউল ইসলাম জিয়া।


দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।